Home খেলাধুলা বাবরের ফিফটিতে বড় সংগ্রহের পথে রংপুর

বাবরের ফিফটিতে বড় সংগ্রহের পথে রংপুর

36

ক্রীড়া প্রতিবেদক

দশম বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স। যেখানে বাবর আজমের ফিফটিতে বড় সংগ্রহের পথে রয়েছে নুরুল হাসানের দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১৬ ওভারে চার উইকেটে ১৩৫ রান।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এতে ম্যাচটিতে আগে ব্যাটিং করছে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও ব্রেন্ডন কিং।

ইনিংসের শুরু থেকে অতি আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্রেন্ডন কিং। ব্যাটে রানও পাচ্ছিলেন তিনি। কিন্তু তাসকিনের ওপর চড়াও হতে গিয়ে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয়ান। আউট হওয়ার আগে ২০ রান করেন।

পরে বাইশ গজে আসেন রনি তালুকদার। কিন্তু ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি তিনিও। আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন এ ডানহাতি।

এরপর রংপুর অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে জুটি গড়েন বাবর। তবে নুরুলের (২৬) বিদায়ে ভেঙে যায় তাদের ৫০ রানের জুটি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নবী (১)।

এখন আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন বাবর। সেইসঙ্গে অর্ধ শতক তুলে নিয়েছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

বাবর ৬০ ও আজমতউল্লাহ ১৪ রানে ব্যাটিং করছেন।