ক্রীড়া প্রতিবেদক
প্রথমার্ধে বল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেই খেলছিল দুই দলই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। বিরতির পরও মরিয়া হয়ে ওঠে দুদল। কিন্তু আক্রমণের পর আক্রমণ চালিয়েও গোলের দেখা পেলো না কেউই। ফলে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসির মধ্যকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
গত মঙ্গলবার ফেডারেশন কাপে ফর্টিসের কাছে ৩-১ গোলে হেরেছিল শেখ রাসেল। তিন দিনের ব্যবধানে সেই দলের বিপক্ষে আজ ড্র করল।
পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে শেখ রাসেল। ৫ পয়েন্টে সাতে ফর্টিস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে কোনো দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৫৬তম মিনিটে ফর্টিসের পা ওমরের দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।
এর ১০ মিনিট পরেই আবারো সুযোগ নষ্ট করেন ওমর। বাঁ প্রান্ত থেকে আসা ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিলেও তাঁকে শট নিতে দেননি শেখ রাসেলের ডিফেন্ডার গানিও আতান্দা।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহে রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি। পাঁচ ম্যাচে ৭ পয়েন্টে তিনে পুলিশ। আর পাঁচ ম্যাচ ড্র করে ষষ্ঠ স্থানে রহমতগঞ্জ।











































