ক্রীড়া প্রতিবেদক
দশম বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে দলকে জেতাতে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন কার্টিস ক্যাম্ফার। এদিন ব্যাট হাতে ২৯ ও বল করে ৪ উইকেট শিকার করেছেন এই আইরিশ অলরাউন্ডার। ফিল্ডিংয়েও দুর্দান্ত তিনটি ক্যাচ নিয়েছিলেন। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টলার দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই তাই, এমন কিছু কি আছে যা আপনি পারেন না? উত্তরে হাসি দিয়ে ক্যাম্পার বলেছেন, ‘নাহ, তেমন কিছু না। এটা শুধু এমন একদিন, যেদিন সবকিছুই কাজে লেগেছে।’
লম্বা সময় ধরে বাংলাদেশে থাকা কি ক্রিকেটার হিসেবে বেড়ে উঠতেও সাহায্য করছে কার্টিস ক্যাম্ফারকে? তিনি বলেন, ‘তেমন কিছুই। অনেকদিন ধরে খেলায় উইকেটের আচরণ বুঝতে পারছেন এখন। সেটি সাহায্য করছে ম্যাচেও।’
এ নিয়ে ক্যাম্ফার বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে গত গ্রীষ্মে আমরা এখানে ছিলাম, লম্বা সফর ছিল। গত বছরের বিপিএলেও খেলেছিলাম আমি। ওই অভিজ্ঞতাগুলো বুঝতে শিখিয়েছে উইকেট কীভাবে আচরণ করে, ঢাকা থেকে এখানে আসা; খুব ভালো উইকেট এখানে। ভালো বাউন্স আছে এখানে। ’
‘এটা খুব ভালো ব্যাপার এটা এমন একটা দেশ যেটাকে আমার নিজের মনে হয়। আমার নিজেকে এখানে বড় হতে দেখা, আমার কমফোর্ট জোনের বাইরে বেরোনো, বাংলাদেশে নানান জায়গা যাওয়া এটা সুন্দর ব্যাপার। এটা এমন একটা দেশ যেটাকে আমার দ্বিতীয় বাড়ি বলতেই পারি; কারণ এখানকার মতো এত সময় আর কোথাও কাটাইনি’-যোগ করেন ক্যাম্ফার।











































