Home খেলাধুলা ঢাকাকে গুঁড়িয়ে জয় পেল রংপুর

ঢাকাকে গুঁড়িয়ে জয় পেল রংপুর

69

ক্রীড়া প্রতিবেদক

দশম বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে ৭৯ রানে জয় পেয়েছে রংপুর রাইডার্স। এ নিয়ে তিন ম্যাচের দুটিতে জিতল নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ বলে ১০৪ রানেই গুটিয়ে গেছে ঢাকা। রংপুরের জয় ৭৯ রানে।

শনিবার রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দানুস্কা গুনাথিলাকা ও মোহাম্মদ নাঈম। তবে ইনিংসের প্রথম ওভারে এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। এতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন গুনাথিলাকা (০)।

পরে ক্রিজে আসেন সাইম আইয়ুব। ব্যাট হাতে আশা দেখালেই ১৭ রানে থেমেছেন তিনি। তার উইকেট ঝুলিতে পুরেছেন ওমরজাই। তার বিদায়ে উইকেটে আসেন লাসিথ ক্রসপুল্লে। কিন্তু শেখ মাহেদীর ওপর চড়াও হতে গিয়ে তিনিও কাটা পড়েন।

এরপর প্যাভিলিয়নে ফেরেন ঢাকার ওপেনার নাঈম। মোহাম্মদ নবীর ঘূর্ণিতে কাটা পড়েন তিনি (৯)। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে ঢাকা।

পরে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে জুটি গড়েন অ্যালেক্স রস। কিন্তু সৈকতের (১৫) বিদায়ে ভেঙে যায় তাদের ৪৯ রানের জুটি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইরফান শুক্কুর (০) ও আলাউদ্দিন বাবু (৩)।

অপরদিকে ব্যাট হাতে লড়াই চালিয়ে ফিফটি তুলে নেন রস। তবে তার বিদায়ের পর খেই হারিয়ে ফেলে ঢাকা। রংপুরের আগুনে বোলিংয়ে ১০৪ রানে গুটিয়ে যায় দলটি।

রংপুরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শেখ মাহেদী। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এতে ম্যাচটিতে আগে ব্যাটিং করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও ব্রেন্ডন কিং।

ইনিংসের শুরু থেকে অতি আক্রমণাত্মক ব্যাটিং করেন ব্রেন্ডন কিং। ব্যাটে রানও পাচ্ছিলেন তিনি। কিন্তু তাসকিনের ওপর চড়াও হতে গিয়ে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয়ান। আউট হওয়ার আগে ২০ রান করেন।

পরে বাইশ গজে আসেন রনি তালুকদার। কিন্তু ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি তিনিও। আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন এ ডানহাতি।

এরপর রংপুর অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে জুটি গড়েন বাবর। তবে নুরুলের (২৬) বিদায়ে ভেঙে যায় তাদের ৫০ রানের জুটি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নবী (১)।

এখন আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন বাবর। সেইসঙ্গে অর্ধ শতক তুলে নিয়েছেন তিনি। তবে ৬২ রানেই থামতে হয় পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

শেষ মুহূর্তে ওমরজাইয়ের (৩২) ক্যামিওতে রংপুরের ইনিংস থামে ১৮৩ রানে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আরাফাত সানি।