ঢাকা অফিস
ঋণের নামে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) থেকে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদ সোমবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন-উম্মে কুলসুম মান্নান, রবিনসন ফ্যাব্রিকেশনসের মালিক আমিনুর রহমান খান, ফনা প্রপার্টিজের মালিক নাহিদা আক্তার, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, তানজিলা মান্নান, তাজরিনা মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খালেদ এ করিম, আরশাদ উল্লাহ, বিআইএফসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রধান কর্মকর্তা কাজি আহসান মারুফ ও সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড মো. আওলাদ হোসেন।
এজাহারে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে বিক্রিত প্রতিষ্ঠান ট্রান্সকো লিমিটেডের নামে তিন কোটি টাকার ঋণ মঞ্জুর দেখানো হয়। এই টাকা ট্রান্সকো লিমিটেডের ব্যাংক হিসাবে না দিয়ে এম এ মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআইএফসির সহযোগী প্রতিষ্ঠান রুনা প্রপাটিজ ও রবিনসন ফেব্রিকেশনের হিসাবে স্থানান্তর করা হয়। এরপর ওই টাকা সানম্যান গ্রুপের নামে নিয়ে স্তর বিন্যাস ঘটিয়ে পুনরায় বিএফআইসির হিসাবে জমা দেখানো হয়। এভাবে তিন কোটি টাকা মানিলন্ডারিং করে এবং ৩৭ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাত করা হয়েছে।










































