খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। ২২ জানুয়ারি (সোমবার) সকাল ৯.৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও ক্রীড়া ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের ডেডিকেশন অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব। আমাদের যে চাহিদা রয়েছে, তার সাথে যোগানেরও ব্যাপার রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমরা অনেক দিকে ভালো করছি। বিশ্ববিদ্যালয়ে ভৌত অবকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠের কন্ডিশন নিয়েও কাজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এটি অন্তর্ভুক্ত রয়েছে।
উপাচার্য বলেন, খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি। যেকোনো পরিস্থিতিতে খেলার পরিবেশ যেন নষ্ট না হয় এবং খেলা যাতে উপভোগ্য হয় সে বিষয়ে সকলের নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি খেলাধুলার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে আহ্বান জানান। পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে উপাচার্য ব্যাটিং করে খেলার শুভ সূচনা করেন। এর আগে তিনি খেলার মাঠে নতুন সংযোজিত ডিজিটাল স্কোর বোর্ডের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে ১৫ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন পরিসংখ্যান ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ৮৩ রানে ভাস্কর্য ডিসিপ্লিনকে এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২৪ রানে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনকে পরাজিত করে।
খুবিতে নৈতিকতা কমিটির ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিক সভা ২২ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ নিশ্চিতকরণ, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর ষান্মাসিক অর্জন প্রতিবেদন সম্পর্কিত আলোচনা, শুদ্ধাচার সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কমিটির সদস্য সচিব ও এপিএ টিম লিডার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণীসহ এপিএ’র ষান্মাসিক অর্জনের বিভিন্ন দিক উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
খুবিতে আইকিউএসির উদ্যোগে ম্যানেজিং সাইটেশন এন্ড রেফারেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ম্যানেজিং সাইটেশন এন্ড রেফারেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ ২২ জানুয়ারি (সোমবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, ম্যানেজিং সাইটেশন এন্ড রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। আমরা টিচিং ইউনিভার্সিটি থেকে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটির দিকে অগ্রসর হচ্ছি। এক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ ছিল রিসার্চ ফান্ডিং, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট। দ্বিতীয় পদক্ষেপ ছিল মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা সহায়তা প্রদান, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই কৃতিত্বের দাবিদার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, গবেষণালব্ধ ফলাফল প্রকাশের সময় সাইটেশন, রেফারেন্স এবং ফরমেটিংয়ের ক্ষেত্রে আমরা প্রায়শই কিছু ভুল করি। প্রযুক্তি এবং সফটওয়্যারের বদৌলতে আমরা সহজেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছি। তবে এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে বিভিন্ন ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ৪র্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের ১৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।










































