স্টাফ রিপোর্টার
স্কুল থেকে উপহার হিসেবে পাওয়া সোনার তৈরি নৌকা ফিরিয়ে দিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মো. রশীদুজ্জামান মোড়ল। একইসঙ্গে, ব্যক্তিগতভাবে স্কুলে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।
বুধবার (১৭ জানুয়ারি) নবনির্বাচিত এ সংসদ সদস্য নির্বাচনী এলাকা পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সংসদ সদস্যের এটাই ছিল প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে মো. রশীদুজ্জামানকে একটি সোনার নৌকা উপহার দেওয়া হয়। তিনি উপহারটি সাদরে গ্রহণ করলেও উদ্বোধনী বক্তব্য শেষ করেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবার ফেরত দেন। উপহারটি বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীদের কল্যাণে ব্যয় করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
এসময় এমপি রশীদুজ্জামান মোড়ল বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অল্প বেতন বা কষ্টার্জিত আয় থেকে তৈরি সোনার নৌকা উপহার আমি গ্রহণ করতে পারছি না। তাই এ উপহার আপনারা সম্মানের সঙ্গে ফিরিয়ে নিন। একইসঙ্গে তিনি উপহারের সঙ্গে ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।
জাতীয় স্কুল ও মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে সংসদ সদস্য ও অতিথিরা জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াৎ হোসেন পাপ্পু, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককদের মধ্যে রহিমা আক্তার শম্পা ও শহিদুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল অধিকারী, পিযুষ সাধু প্রমুখ।











































