ঢাকা অফিস
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বামপন্থিদের জনগণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব।
বুধবার রাজধানীর তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ঐতিহাসিক তেভাগা কৃষক আন্দোলনের নেতা এবং ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঐক্য-ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
এর আগে অমল সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাসদ, বাসদ, বাংলাদেশ জাসদ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, ঐক্য-ন্যাপ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নারী মুক্তি সংসদ, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।











































