সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের মোল্যাডাঙ্গা গ্রামের মাঠে ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ দফায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, কুয়াশার চাদরে ঢাকা কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার মানুষ ওই গ্রামের মাঠে ভীড় জমাতে থাকে এই প্রতিযোগিতা দেখার জন্য। সবমিলিয়ে মোল্যাডাঙ্গা গ্রামটি উৎসবে পরিণত হয়। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আশপাশের কয়েক গ্রামের নারী, পুরুষ ও শিশুরাও অত্যন্ত উৎসাহ নিয়ে সকাল থেকে মাঠে নেমে পড়ে। ভালোভাবে দেখার জন্য যে যার মত অবস্থান নেয়। দুর-দুরান্ত থেকেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ শিশু খেলনার নানা ধরনের স্টল বসেছিল মাঠটিতে।
শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি ছোট ছেলেকে সাথে নিয়ে এই প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এই প্রতিযোগিতা দেখেছি। কিন্তু সন্তানকে দেখানোর জন্য এই মাঠে এসেছি। এই খেলা এখন হারিয়ে গেছে। তিনি বলেন, প্রচন্ড ঠান্ডায় মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে কষ্ঠ হয়েছে ঠিকই। কিন্ত শিশুপুত্রকে নিয়ে মজাও কম পাইনি।
সাজু বেগম নামের অন্য একজন জানান, তার বয়স ৬৭ চলছে। এ প্রতিযোগীতা দেখতে মজা লাগে। গ্রামের সব মানুষ এ দিনে মাঠে নেমে পড়ে। বুধবার প্রচন্ড শীত। ফাঁকা মাঠে বাতাসে কাঁপিয়ে তুলছে তারপরও আনন্দ পাচ্ছি।
আয়োজক কমিটির সভাপতি আশরাফ আলী জানান, বর্তমানে অধিকাংশ মাঠ ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় ফাঁকা মাঠের খুব অভাব। সে কারণে এই প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতেই এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এই প্রতিযোগিতার আয়োজন করবেন। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৪টি দল অংশগ্রহণ করে।
এবারের প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়া থেকে আগত ওয়ালিদ হোসেন ১ম স্থান অর্জন করেন। এছাড়াও যশোরের চৌগাছা থেকে আগত সজিব হোসেন ২য় ও সৈয়দপুর এলাকার সাগর হোসেন ৩য় স্থান অর্জন করেন। বিকেলে পুরষ্কার বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে একটি বড় ছাগল, ২য় স্থান অর্জনকারীকে ছোট ছাগল ও ২য় স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল প্রদান করা হয়।











































