ক্রীড়া প্রতিবেদক
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্ট শুরুর আগে এনামুল হক বিজয়কে অধিনায়ক ঘোষণা করেছে খুলনা টাইগার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবার তুলনামূলক ভালো দলই গড়েছে খুলনা। যেখানে আছে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। দলটির অধিনায়ক বিজয় ছাড়াও মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটার আছেন স্কোয়াডে। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানরাও রাখতে পারেন কার্যকরী ভূমিকা।
শেষ মুহুর্তে এসে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ আর প্রস্তুতির মাঝেই দেশি তরুণ পেসার নাহিদ রানা ও ক্যারিবিয়ান পেসার ওশান থমাসকে দলে টেনেছে তারা। এছাড়াও বিদেশীদের মধ্যে আছেন উইন্ডিজের এভিন লুইস, ধনঞ্জয় ডি সিলভা, শাই হোপ, দাসুন শানাকা।
বিদেশী বোলারদের মধ্যে পেস আক্রমণে দলটির মূল শক্তি দুই পাকিস্তানি তরুণ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ, সঙ্গে শ্রীলংকান কাসুন রাজিথা। বোলিংয়ে দারুণ কার্যকরী হতে পারেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাহিদুল ইসলাম। স্পিন বিভাগে আলো ছড়াতে পারেন নাসুম আহমেদ।
তরুণ কোচ তালহা যুবায়েরের অধীনে খেলবে খুলনা। দলটির সেরা সাফল্য ২০২০ সালে ফাইনালে খেলা।











































