Home খেলাধুলা ‘আমাদের মানিয়ে নিতে হবে’

‘আমাদের মানিয়ে নিতে হবে’

30

ক্রীড়া প্রতিবেদক

আর দিন দুয়েক পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। প্রতিবারই উইকেট নিয়ে সমালোচনার শিকার হয় এই প্রতিযোগিতা। বিশেষ করে মিরপুরের মন্থর উইকেট নিয়ে প্রশ্নের শেষ থাকে না ভক্তদের। এ বিষয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের মেহেদী হাসান মিরাজ।

বিপিএলে কেমন উইকেট চান এই প্রশ্নে মিরাজের জবাব, ‘আমরা সবসময়ই চাই ভালো জিনিসটা হোক। আমরা ছোট থেকে এরকম কন্ডিশনে খেলেই বড় হয়েছি। সত্যি কথা বলতে যেহেতু মিরপুরে খেলা আছে এবং আবহাওয়াটাও যেমন শীতের কন্ডিশন। আমাদের মানিয়ে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আবহাওয়া যদি একটু ভালো থাকে বা শীতটা বেশি না পড়ে, তখন উইকেট আরেকটু ভালো থাকবে। উইকেট যদি ভালো হয়, ব্যাটাররা সুবিধা পাবে। উইকেট মোটামুটি খারাপ হলে সুবিধা পাবে বোলাররা। এটাই আমাদের লক্ষ্য।’

টুর্নামেন্ট প্রসঙ্গে মিরাজ বলেন, ‘গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা পারফর্ম করেছে। ওদের জন্য এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটাও একটু সহজ হয়ে গেছে।’

তিনি যোগ করেন, ‘টানা দেড় বছরে শান্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রান করেছে। হৃদয়ও রান পেয়েছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি শুরু হয়ে ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের দশম আসর শেষ হবে। ৭ দলের এই আসরে মোট ম্যাচ হবে ৪৬টি।