
কুয়েট শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন-২০২৪
ড. মোঃ আব্দুল হাসিব সভাপতি ও ড. মোঃ আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব এবং সাধারণ সম্পাদক পদে ড. মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। ১৬ জানুয়ারি শিক্ষক সমিতির কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আবু সাফায়েত, কোষাধ্যক্ষ পদে মোঃ ফয়সাল, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আবু সাহিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে কানিজ ফাতেমা, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে আসিফ শাহরিয়ার এবং সদস্য পদে প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান, প্রফেসর ড. দিপায়ন মন্ডল ও ড. সুজিত কুমার শীল নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. মোঃ মঞ্জুর মোর্শেদ।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নব নির্বাচিত এমপি আশরাফুজ্জামান’কে সংবর্ধনা
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাতক্ষীরা-০২ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৬ই জানুয়ারি সন্ধা ৭টার সময় সাতক্ষীরা শহরস্থ কাটিয়া(সাবেক এমপি প্রয়াত জব্বার সাহেব এর বাসভবন) জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে ফুলেল তোড়া দিয়ে শুভেচছা জানান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাঈদুর রহমান শাহিন, কোষাধাক্ষ ইদ্রিস আলী বাবু, নির্বাহী সদস্য তানজিম কামাল তমাল, আক্তারুজ্জামান মুকুল, হেদায়েতুল ইসলাম, শফিউল আজম, লুৎফর রহমান সৈকত, খন্দকার আরিফ হোসেন প্রিন্স, ফারহা দীপা খান সাথী প্রমূখ।
আশাশুনির চাপড়া হাইস্কুলের সদস্য নির্বাচনে ১৫ জনের মনোনয়ন জমা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৫ জন।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল চন্দ্র মন্ডল জানান, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় প্রধান শিক্ষকের উপর প্রাথমিক দায়িত্ব অর্পন করেন। সে মোতাবেক অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় মঙ্গলবার বিকাল ৩ টা শিক্ষক প্রতিনিধি দুই জন পুরুষ ও এক জন মহলার বিপরীতে সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, আছাদুল হক ও জেবুন্নেছা মনোনয়নপত্র জমা দিয়েছে। অপরদিকে, অভিভাবক সদস্য পদে চারজন পুরুষ ও একজন মহিলার বিপরীতে দুটি প্যানেলে ১১ জন ও স্বতন্ত্র একজন মোট ১২ জন জমা দিয়েছে। সদ্য বিদায়ী সাবেক সভাপতি নজরুল ইসলাম প্যানেলে (পুরুষ) আকবর হোসেন, আবু তালেব, শফিকুল ইসলাম, ফেরদাউস হোসেন ও সামছুজ্জামান (জামাল মিস্ত্রি) ও (মহিলা) আছিয়া বেগম এবং সাবেক সভাপতি গাওছুল হোসেন রাজ প্যানেলে (পুরুষ) আমিরুল ইসলাম, ওলিউল্লাহ্, সাইদুল্লাহ ইসলাম, আছাদুল গাজী ও মোহসিন আলী, স্বতন্ত্র ইউপি সদস্য ডা: আব্দুর রব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রধান শিক্ষক দাতা সদস্য নির্বাচনের প্রশ্নে জানান, এ বছর উল্লেখিত পদে কেহ জমা দেননি বা দাতা সদস্য নাই। উল্লেখ্য, আজ বুধবার ১২ টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, বৃহস্পতিবার প্রার্থীদের প্রতিক বরাদ্দ এবং ২৯ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রতিষ্টানে নির্বাচন অনুষ্ঠিত হবে। #
মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ীতে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধি
বাংলা সাহিত্যের অমৃত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানয়ারি ৯ দিনব্যাপী কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হতে যাচ্ছে মধুমেলা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) মধুমেলা উপলক্ষে বিকালে সাগরদাঁড়িতে বিশেষ আইন-শৃঙ্খলাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
মধুমেলা কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট কমলেশ মজুমদার, মেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার আবু দাউদ, কেশবপুর থানার ওসি জহিরুল আলম, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তসহ অনেকে।
যেহেতু কবির ২০০তম জন্মবার্ষিকী সেহেতু এবার মধুমেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। সে কারণে মধুমেলাঙ্গনসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, রাব ও ডিবি পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। মেলার মাঠে রাখা হবে মেডিকেল টিম, দর্শনার্থীদের জন্য ২৫টি টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা।
এবারের মধুমেলায় বিনোদনের জন্য সার্কাস, যাদু, মৃত্যুকূপ, নাগরদোলার ব্যবস্থা থাকবে। এ ছাড়াও মেলাঙ্গনে থাকছে বিভিন্ন পসরার ১৫১টি স্টল।
মেলাঙ্গনে মধুমঞ্চ, কবির বাড়ি, বিদায় ঘাটসহ নানা স্থানে চুনকামসহ রঙ করা হচ্ছে। সাজানো হচ্ছে হরেক রকমের মধু গেট। সব মিলিয়ে সাজ সাজ রব পড়েছে কপোতাক্ষ তীরঘেষা সাগরদাঁড়ির কবির বাড়িসহ মেলার মাঠে।
নগরীর ৩১নং ওয়ার্ড যুবদলের সভাপতি টুকুর ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় নেতা সাগরের শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৩১নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান টুকুর ভাই মোঃ শহিদুুল ইসলাম গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল আসরবাদ মরহুমের নামাজে জানাজা শেষে লবনচরা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
যুবদল নেতা কামরুজ্জামান টুকুর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। একইসাথে মরহুমের মাগফেরাত কামনা করেছেন তিনি।।
ডুমুরিয়ায় এক মহিলার ভাসমান লাশ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া থানা পুলিশ সত্তর উর্ধ্বে বয়সী অলোকা মন্ডল নামে এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে। সে উপজেলার সাহস ইউনিয়নের কাজিরহুলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে উপজেলার শরাফপুর ইউনিয়নের ডাকাতিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এলাকাবাসীর খবর পেয়ে ঘটনার দিন দুপুরে বানিয়াখালী বাজার সংলগ্ন মিজান উকিলের বাড়ির পাশে ডাকাতিয়া বিলে ওই অজ্ঞাত মহিলার ভাসমান লাশ দেখতে পাই অতঃপর লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এলাকাবাসী জানান বেশ কিছু দিন ওই পাগলী মহিলা এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমতলে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী ¯’াপনের মাধ্যমে সমতলে চাষাবাদ এর নিমিত্তে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কালিকাপুর ও দত্তডাঙ্গা গ্রামে বোরো ধান রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর আলম, খুলনা পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ আসিফ ইকবাল। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (শস্য) সুবীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, কৃষি প্রকৌশলী দীপঙ্কর বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন প্রমুখ।
ডুমুরিয়ায় পাওনাদারের উপর চেয়ারম্যান গ্রুপের হামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি বিক্রির পাওনা টাকা চাওয়ার অপরাধে নিজ বাহিনী নিয়ে পাওনাদারের উপর হামলা চালিয়েছে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুলটি চৌরাস্তা মোড় নামক ¯’ানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় কুলটি এলাকার ঠাকুরদাস মন্ডলের ছেলে পাওনাদার উজ্জ্বল কুমার মন্ডল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায় উজ্জ্বল কুমার মন্ডল জমি বিক্রি বাবদ তার পাওনা সাড়ে আট লক্ষ টাকা চেয়ারম্যানের নিকট চাইলে তিনি না দিয়ে নানা তাল বাহানা করে আসছে। এ নিয়ে সোমবার রাতে মোবাইল ফোনে চেয়ারম্যান ও উজ্জ্বল মন্ডলের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই জের ধরে ঘটনার সময়ে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন উজ্জ্বলের উপর হামলা চালায়। ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যব¯’া গ্রহণ করা হবে।###
ডুমুরিয়ায় প্রয়াত বিএনপি নেতা খান আলী মুনসুরের মৃত্যু বার্ষিকী পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে মরহুমের কবর জিয়ারত ও দুপুরে বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপ¯ি’ত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ মাহাবুর রহমান, বিএনপি নেতা খান শফিকুল ইসলাম, জিয়াউর রহমান জীবন, আরিফ হোসেন, জোনাব আলী ঢালী,মুনসুর শেখ, আকরাম হোসেন,খলিলুর রহমান,ডাক্তার জিয়াউর রহমান, শেখ শাহনেওয়াজ হোসেন, আলী রসুল খান সহ অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মতিয়ার রহমান।
পাইকগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যক্তিকে সাজা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় রাতের আধাঁরে কপোতাক্ষ নদের ভরাট হওয়া সরকারী জমি থেকে চুরি করে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রম্যমান আদালত বসিয়ে ৪ ব্যক্তিকে সাজা দেয়া হয়েছে। এক জনকে ১ মাস বাকী তিন জনকে ৭ দিন করে সাঁজা দেয়া হয়। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কপোতাক্ষ নদের চরভরাটি জায়গায় হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ৪ জনকে আটক করে ভ্রম্যমান আদালতে তাদেরকে সাজা দেয়া হয়। সাঁজার ব্যক্তিরা হলেন, চাঁদখালী ইউনিয়নের কানুয়াডাঙ্গা গ্রামের হামিদ উল্লাহ গাজীর ছেলে মনিরুল ইসলাম(৫৩) কে ১ মাস, চাঁদখালী গ্রামের শফিকুল সরদারেরর ছেলে সুমন সরদার(২২),কে ৭ দিন, শ্যাম নগর উপজেলার শরা গ্রামের রেজাউল গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২১)কে ৭ দিন, সাতক্ষীরা সদর থানা এলাকার আলীপুর আব্দুল হাই ছেলে সুমন বিল্লাহ (২৩)কে ৭ দিন করে করাদন্ড দেয়া হয়। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন জান, কপোতাক্ষ নদের চরভরাটি জায়গার মাটি কেটে তার বিভিন্ন ভাটায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চার জনকে সাঁজা দেয়া হয়েছে।
পাইকগাছায় নৌ পুলিশের অভিযানে সাড়ে ৭লক্ষ টাকার অবৈধ নেট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে শিবসা নদী থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার ২০ হাজার বর্গ মিটান নেট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। সোমবার বিকালে শিবসা নদীর সোলাদানা, দেলুটি ও দারুন মল্লিক, বোরুইতলা খেয়াঘাট এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়।পাইকগাছা নৌপুলিশের উপপরিদর্শক ও ফাঁড়ি ইনচার্জ (এস আই) মিন্টু হোসেন জানান, উপজেলার শিবসা নদীতে জেলেদের পেতে রাখা অবৈধ নেট জালের উপর অভিযান চালানো হয়। এ সময় প্রায় সাড়ে ৭লক্ষ টাকার ২০ হাজার বর্গ মিটার জাল জব্দ করে সোলাদানা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় জালগুলো পুড়ি ফেলা হয়। এ অভিযানে নের্তৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ। উপস্থিত ছিলেন, মেরিন ফিসারীজ কর্মকর্তা মোঃ কাওসার আহম্মদ, নৌপুলিশের উপ- পুলিশ পরিদর্শক মিন্টু হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রনধীর মন্ডল, পুলিশ সদস্য আকমল হোসেন, আমিনুল ইসলাম।
নড়াইলে গাঁজাসহ এক যুবক গ্রেফতার
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার শিহাব মোল্যা নড়াইল সদর উপজেলার ডাংগাসিংগা গ্রামের মো: গফ্ফার মোল্যার ছেলে। পুলিশ জানায়, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) সোমবার রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামে অভিযান চালিয়ে শিহাব মোল্যা নামে ওই যুবককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রামপালে ৫ হাজার দুস্তের মাঝে কম্বল বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল সরকারভাবে পাঁচ হাজার দুস্থকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ প্রমুখ। এ সময়
বিভিন্ন এতিমখানা, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমাম, মোয়াজ্জেম এবং অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতি ইউনিয়ন পরিষদে ২ শত করে কম্বল সহ ৫ হাজার কম্বল বিতরণ করা হয়।
আগামী ১৮ জানুয়ারি ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান করা হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ প্রদান করা হবে। এ উপলক্ষে আগামী ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ এর রিপোর্ট পর্যালোচনার জন্য গঠিত মনোনয়ন বোর্ড এর আহবায়ক ও আঞ্চলিক তথ্য অফিস খুলনা’র উপ প্রধান তথ্য কর্মকর্তা এ, এস, এম কবীর এবং সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২৩’ পরিচালনার জন্য গঠিত অনারারী ট্রাস্টি বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি মোঃ তৌফিক রহমান এবং জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক সারা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
মোংলায় জমি দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও প্রতারক কামরুল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কম দামে জমি কিনে সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করাই তার নেশা। আর জমি দেয়ার কথা বলে টাকা নেয়াও তার যেন পেশা। এভাবে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন কামরুল শিকদার নামে এক প্রতারক। কামরুল মোংলা পৌর শহরের কুমারখালী এলাকার মৃত কাদের শিকদারের ছেলে।
কামরুল শিকদারের নামে মোংলা থানায় একাধিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সেই সকল অভিযোগে উল্লেখ করা হয়, জমি দেয়ার কথা বলে টাকা নেয় কামরুল। কিন্তু জমি না দিয়ে নানা রকম তালবাহানা করে এখন গাঁ ঢাকা দিয়ে আছেন সে।
ভুক্তভোগী শহিদুল ভূইয়া, মোঃ সুজন, মোঃ শুকুর আলী ও মোঃ রানাসহ বেশ কয়েকজনে বলেন, জমি কিংবা টাকা ফেরত চাইলে আজ না হয় কাল দিবো এমন একাধিকবার ওয়াদা ও আশ্বাস দিলেও এখন সে তার ফোন বন্ধ রেখেছেন। তার বাড়ীতে গেলে ঘরে তালা বন্ধ পাওয়া যায় বলে জানান ভুক্তভোগীরা। তাই এমতাবস্থায় থানা পুলিশের দারস্থ হয়েছেন তারা।
মোঃ দুলাল, আকবর, মাহবুব ও বেল্লালসহ প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে কম দামে জমি দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দিয়েছেন কামরুল। বছরখানেক সময় ধরে সে মোংলার বাড়ী ছেড়ে খুলনায় তার শ্বশুর বাড়ীর এলাকায় আত্মগোপন করে রয়েছেন। আর এ নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ধর্না দিয়ে বেড়াচ্ছেন।
এ ঘটনার বিষয়ে স্বীকার করে অভিযুক্ত কামরুল শিকদার বলেন, আমি বর্তমানে বিপদগ্রস্ত, তাই আগামী ফেব্রুয়ারী মাসের মাঝামাঝির দিকে তাদেরকে কিছু কিছু করে টাকা দিতে পারবো। এই মুহুর্তে তাদেরকে টাকা ফেরত দেয়ার মতো কোন অবস্থা ও পরিস্থিতি আমার নেই।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই কামরুল শিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি এলাকায় নেই, তাই অভিযোগের অগ্রগতির বিষয় কিছুটা বিলম্ব হচ্ছে। #
কোটচাঁদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুভ উদ্বোধন করেন এমপি সালাউদ্দিন মিয়াজী
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সকালে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে খেলার শুভ উদ্বোধনের ঘোষণা করেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী(অবঃ)।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার অশোক কুমার সরকার, মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন প্রমুখ।
এসময় পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান,উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লতা, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, পৌর কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, পৌর আঃলীগ নেতা আরব বিশ্বাস, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দর্শনার হাফেজ সায়ীদ নকীব মেধা তালিকায় প্রথম স্থান পেয়েছে
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার সাংবাদিকের ভাই হাফেজ সায়ীদ নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলে নকীব সিজিপিএ ৪ এর মধ্যে ৪পেয়ে ১ম হয়েছেন
এর আগে স্নাতক পরীক্ষায় ৪ এর মধ্যে ৩.৮৫ পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। নকীব ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।নকীব দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা এবিএম আব্দুল লতিফ ও রোকেয়া বেগমেরে কনিষ্ঠ সন্তান। এছাড়া সে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্নতিনিধি ও দর্শনা প্রেসক্লাবের সদস্য এফএ আলমগীরের ছোট ভাই।নকীব শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান।
আশাশুনির চিলেডাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ আহত-৩
আশাশুনি প্রতিনিধি
চাপড়া-সাতক্ষীরা সড়কে চিলেডাঙ্গা মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় ইঞ্জিনভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১:৩০ মি. দিকে। আহতরা হলেন, ভ্যানচালক আশাশুনি সদরের আবু সাঈদের ছেলে আব্দুল্লাহ (১৮), যাত্রী পাইথালী গ্রামের মৃত. ছাব্বুর গাজীর ছেলে মফিজুর রহমান ও রুহুল আমিন সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩০)।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, মাহেশ্বরকাটি মৎস্য সেট থেকে একটি ইঞ্জিনভ্যান যাত্রী নিয়ে পাইথালির দিকে যাচ্ছিল। ইঞ্জিন ভ্যানটি চিলিডাঙ্গা মোড়ে মেইন সড়ক থেকে ডাইনে মোড় নেওয়ার সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি (সাতক্ষীরা -হ- ১৪-৬২৭৯) মোটর সাইকেল ভ্যানের পিছনে ধাক্কা দিলে ভ্যানচালকসহ যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইঞ্জিন ভ্যান চালকের বাম পা ভেঙ্গে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান। #
গুলিবিদ্ধ নৌকা সমর্থকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট দেওয়ায় জিয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত আলতাফ হোসেন চিকিৎসাধীন। তাঁরা উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের মৃত কেঁদো শেখের ছেলে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী হোসেন। তিনি জানান, নৌকায় ভোট দেওয়ায় জিয়ারকে প্রতিপক্ষের (ট্রাক মার্কা) লোকজন গুলি করেছিল। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোবাইল ফোনে নিহতের ছোট ভাই ইয়ারুল বলেন, ‘নৌকায় ভোট দেওয়ার অপরাধে ১২ জানুয়ারি সকালে সাবেক ইউপি সদস্য খালেক ও তার তিন ছেলে রিপন, লিটন, শিপনসহ তাদের সন্ত্রাসী বাহিনী আমার দুই ভাইকে গুলি করে। তাদের মধ্যে জিয়ার মঙ্গলবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’ তিনি আসামিদের ফাঁসির দাবি করে থানায় মামলা করেছেন।
এ বিষয়ে জানতে খালেক মেম্বর ও তাঁর ছেলে রিপন আলীর মোবাইল ফোনে বারবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। তবে ১২ জানুয়ারি তিনি ফোনে বলেছিলেন, প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করেছিল। সেজন্য তারাও প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া দিয়েছিল। সে সময় কয়েকজনকে মারধর করা হয়। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, মৃত্যুর খবর তিনি শুনেছেন। ১৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
‘গ্যালোবারের চাইতি এবেড্ডা শীতটা বেশি মনে হচ্চে’
নিজস্ব প্রতিনিধি
কনকনে শীতে কাঁপছে যশোর। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে বইতে থাকে মৃদু বাতাস। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন।
যশোর বিমানবাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) কথা হয় রিকশাচালক নুরু মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গ্যালোবারের চাইতি এবেড্ডা শীতটা বেশি মনে হচ্চে। দুটো পয়সা ইনকামের জন্নি বাজারে আসলিউ সেরাম প্যাসেঞ্জার পাওয়া যাচ্চে না।’
দড়াটানা এলাকার রিকশাচালক আলেক মিয়া বলেন, ‘খবরে শুনলাম এক সপ্তাহ থাকি খুব শীত পইড়বে। রাতে ও সকালে বৃষ্টির মতো শীত (কুয়াশা) পইড়েছে। ঠান্ডায় হাত-পা হিম হয়ে যায়। বাড়ির ছয়জন মানুষ রিকশার কামাইয়ের ওপর চলে। এক দিন কামাই (কাজ) না করলে পরের দিন চুলোতে আগুন জ্বলে না। আর কয়দিন ঠান্ডা থাকপেনে আল্লায় জানে।’
শহরের পুলিশ লাইন এলাকার রিকশাচালক তরুণ ঘোষ বলেন, ‘পেটের তাগিদে ঘরের বাইরে বের হতে হয়েছে। পেটে ভাত না থাকলে শীত, গরম আর বর্ষায় কী আসে যায়। রাস্তায় মানুষের উপস্থিতি কম। ঘুরে ঘুরে তেমন একটা ভাড়া হচ্ছে না।’
শহরের রেলস্টেশন এলাকার মাছ বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘পানি বরপের মতো ঠান্ডা। ঘেরে লাবলিই জমে যাওয়ার মতন অবস্তা। তাই এক-দু’দিন পরপর মাছ ধরতি যাচ্চি। ডেলি ঘেরে লাবলি ঠান্ডায় মইরে যাতি হবে।’
এদিকে শীতের তীব্রতা বাড়ার ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। হাঁচি-কাশিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ শীতের কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রিজিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া ৪৩ হাজার পিস কম্বল ইতোমধ্যে আট উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।
সরকারি কম্বল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কম্বল বিতরণ করছে। তবে তা চাহিদার তুলনায় অনেক কম।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। শিশু ও বৃদ্ধ রোগীর চাপ থাকলেও হাসপাতালে চিকিৎসা দিতে কোনো সমস্যা হচ্ছে না।
সাতক্ষীরায় জাল নোটসহ জামাই-শ্বশুর আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকাসহ মনসুর ও মিজান নামে প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।
আটককৃতরা হলেন, শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের ইমাম আলী গাজীর ছেলে মনসুর আলী গাজী ও কালিগঞ্জ বাজার গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মিজানুর রহমান। তারা সম্পর্কে জামাই-শ্বশুর।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী জানান, ঈশ্বরীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীফলকাটি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আসমা বেগমের কাছ থেকে ভেড়া কেনার সময় জাল টাকা দেওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হন ওই দুই প্রতারক। পরে শ্যামনগর থানায় জানানো হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রামের সহজ সরল মহিলাদের টার্গেট করে তারা এ প্রতারণা করতেন। এর আগেও তারা একই ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) পিংকু মণ্ডল বলেন, চার হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুজনকে আটক করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনে ১০ জেলের দুই লাখ টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রজনন মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ। পরে তাদের কাছ থেকে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে সুন্দরবনের নাটাবকেী অভয়ারণ্যে এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন।
বন বিভাগের সূত্র জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরণ করছে এমন খবরে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযান চালান। এ সময় সেখান থেকে ১০ জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত দুটি নৌকা ও চারশ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোছাইন চৌধুরী জানান, আটক জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর গ্রাম থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সকালে উপজেলার একতারপুর গ্রামের এক নারী ওই গ্রামেরই রাজন বিশ্বাস রাজুর বিরুদ্ধে সকালে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে একতারপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে সেই মামলার আসামি রাজন কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ, যশোর সহ বিভিন্ন থানায় নাশকতা, মাদক, ধর্ষণ চেষ্টাসহ ছয়টি মামলা রয়েছে।
যশোরে রেলক্রসিংয়ে ট্রাক-ট্রেন সংঘর্ষ
যশোর প্রতিনিধি
যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা কমিউটার ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ওই কমিউটার ট্রেনের একটি বগি এবং ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। খুলনাঞ্চলীয় রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত অনুমান ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি নওয়াপাড়া বন্দর এলাকা অতিক্রম করছিল। এমন সময় নওয়াপাড়া মূল লেভেল ক্রসিং পার হয়ে লোকাল একটি ক্রসিং অতিক্রম করার সময় পাশ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে চালক নেমে পড়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও জানান, লোকাল ওই ক্রসিংগুলোতে গেটম্যান থাকে না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকে।
পিবিআই কর্মকর্তা সেজে অভিযানে গিয়ে ধরা ভুয়া পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে প্রতারণার সময় নাজমুল হোসাইন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল হোসাইন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কথিত ভুয়া পুলিশ নাজমুল নিজেকে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একজন কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৮ জানুয়ারি হাসাদাহের কন্দর্পপুর গ্রামের মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির মোবাইলে কল করেন। এসময় নাজমুল মিরাজুল ইসলামকে বলেন ‘আপনার মোবাইল নম্বরটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ধারণা করছি আপনিও এর সঙ্গে সম্পর্কিত আছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বিষয়টি তদন্তের জন্য আমরা আপনার বাড়িতে যাবো। সিমটি খোলা রাখবেন।’
এরইমধ্যে সোমবার বিকেলে নাজমুল হোসাইন মিরাজুলের বাড়িতে হাজির হয়ে তার কাছ থেকে সিমটি নিয়ে নেন। তবে এসময় নাজমুলের কথাবার্তায় সন্দেহ হলে মিরাজুল হাসাদাহ ক্যাম্প পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। এসময় তাকে আটক করে জীবননগর থানা হেফাজতে নেওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণার সময় নাজমুল নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় ১৭০-৪২০ ধারায় মামলা রুজু হয়েছে।
ইউপি সদস্য মুন সরদারের চাচা শাহিন সরদারের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সরদার গোলাম রব্বানী খোকনের ছোট ভাই এবং ইউপি সদস্য মুন সরদার এর চাচা ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের আইসিটি উদ্যোক্তা সরদার শাহনেওয়াজ শাহিন রবিবার রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনোগ্রাহী রেখে যান। সোমবার বাদ জোহর মশিয়ালী কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদ ময়দানে জানাযার নামাজ শেষে মশিয়ালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান এম জিয়া হাসান তুহিন, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, সাবেক জেলা তাঁতীলীগ সদস্য কাজী আজাদুর রহমান হিরোক, সিবিএ নেতা আমিরুল ইসলাম, গিলাতলা ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, মুন সরদার, সাবেক মেম্বর হুমায়ুন কবীর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মহেশ^রপাশা শান্তিনগরে পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ অর্থ, স্বার্ণালংকারসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা শান্তিনগরে ফল ব্যবসায়ীর বাড়ীতে পুলিশ পরিচয়ে দেশীয় অন্ত্রেরমুখে জিম্মি করে নগর টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দিবাগত ভোররাতে ফুলবাড়ীগেট বাজারের ফল ব্যবসায়ী মোঃ সিরাজ আলীর শান্তিনগরের বাড়ীতে ৩/৪ জনের মুখোশধারী ঘন্টাব্যাপি লুটপাট চালায়। ভুক্তোভোগীরা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে বাড়ীর বাহিরের গেটে পুলিশ পরিচয়ে ভাড়াটিয়াকে ডাকাডাকি করতে থাকে। এ সময় তাদের ডাকাডাকিতে সিরাজ আলী গেটের ধারে গেলে ৩/৪ জন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে গেট খুলতে বলে। সত্তোরুর্ধ বৃদ্ধ সিরাজ আলী গেট খোলার সাথে সাথে তার গলায় ছুরি ধরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ধরে দুজনকে জিম্মি করে ফেলে। পরে মুখোশধারী ব্যক্তিরা ঘরের যে সকল স্থানে টাকা থাকে নিশ্চিত হয়ে সে সকল স্থান খাটের তোষকের নিচে, ভেনিটি ব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা বের করে নেয়। তারা সিরাজ আলীর যে ছেলে বিদেশ থাকে তার নাম ধরে ডেকে বলে টাকা পাঠিয়েছে সে টাকা কোথায় ? পরে তাদের হাতে থাকা রামদা দিয়ে স্টীলের আলমেরীর লকার ভেঙ্গে ফেলে আলমেরীর ড্রয়ারে থাকা নগদ ১লক্ষ ৪০ হাজার টাকা, বাড়ীওয়ালীর গলায় এবং কানে থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ঘরের বিভিন্ন স্থানে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে নির্বিগ্নে চলে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তোভোগীদের সাথে কথা বলেছি। লুন্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের সনাক্ত করে মালামাল উদ্ধারে তৎপর রয়েছি আমরা।
কবি আবুবকর সিদ্দিক স্মরণ অনুষ্ঠান ১৮ জানুয়ারি ’২৪
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, বাংলাদেশ গণশিল্পী সংস্থা গঠনের অন্যতম উদ্যোক্তা, গণসংস্কৃতি আন্দোলনের যোদ্ধা কবি প্রয়াত আবুবকর সিদ্দিক স্মরণ অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি ’২৪ বৃহস্পতিবার বিকেল ৪:৩০ মিনিট বাংলাদেশ গণশিল্পী সংস্থার আয়োজনে উমেশচন্দ্র পাবলিক লাউব্রেরি মিলনায়তনে কথায় কবিতায় গণসঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের করা হবে। তিনি গত ২৮ ডিসেম্বর ’২৩ চিরবিদায় নিয়েছেন।
উক্ত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন লেখক ও কলামিস্ট অধ্যাপক আনোরুল কাদির, ঋষিজ শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি ফকির সিরাজ, বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক সালাম, ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সমর বড়ুয়া, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থার পক্ষে কবি দুখু বাঙাল ও অধ্যাপক মাধব রুদ্র।
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ৭শ’ বোতল ফেনসিডিলসহ নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে।
সোমবার (১৫ই জানুয়ারী) দিবাগত রাতে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সদস্যরা।
আটক নয়ন হোসেন বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাকোপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নে সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের ঊন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ঊপজেলা বিআরডিবি হল রুমে ঊন্নয়ন সংস্থা নাগরিক ঊদ্যোগ আয়োজিত খ্রিষ্টিয়ান এইড ও ইউরোপিয়নের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের ঊন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের বিভাগীয় সমন্নয়কারী মানিক চন্দ্র দাস এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঊপজেলা র্নিবাহী আফিসার জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, যুবঊন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসন সরদার, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জিএম,রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিছিয়েপড়া জনগোষ্ঠির দাকোপ নেটওয়ার্ক কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রী, সদস্য সাংবাদিক মোঃ শিপন ভূঁইয়া, সাংবাদিক আজগর হোসেন সাব্বির, মহিলা বিষয়ক দপ্তরের সহকারী কর্মকর্তা জাকারিয়া আল-হেলাল, সাংবাদিক জি এম আজম, অধ্যাপক লিপিকা বৈরাগী, রতন কুমার মন্ডল, কনিকা বৈরাগী, নাগরিকের কর্মী জ্যোতি বিশ্বাস সহ উপজেলার ৯টি ইউনিয়নের পিছিয়ে পড়া নারীগোষ্ঠী সদস্য বৃন্দ।
কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে ক্রীড়া প্রতিযোগীতা
নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি(খুলনা)ঃ
কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজে সাব জোনে ৫২ তম শীত কালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এলাকার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, প্রেসক্লাবের নব নির্বাচিত সাঃ সম্পাদক মিলন দাশ, অণির্বাণ লইব্রেরীর সহ-সভাপতি অজয় সাধু, গুনীজন স্মৃতি সংসদের সাঃ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি পলাশ কর্মকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক কার্ত্তিক চন্দ্র সরকার, আবুল হোসাইন ও দিব্যেন্দু দাশ।
কেডিএ কর্তৃক ৬৪ জন ভবন মালিকের মাঝে নকশা বিতরণ
স্টাফ রিপোর্টার
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম এএমডব্লিউসি, পিএসসি খুলনার ভবন মালিকদের কেডিএ’র নকশা অনুযায়ী ভবন করার জন্য রাষ্ট্রীয় ও ধর্মীয় আইন দ্বারা বুঝিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় কেডিএ’র অডিটরিয়াম ভবনে অনুমোদিত নকশা গ্রহনকারী এবং নকশা প্রণয়নকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় সভায় চেয়ারম্যান সভাপতির বক্তব্যে ভবন মালিকদের সঠিক নিয়ম মেনে ভবন করার ব্যাপারে তাগিদ দেন। সভায় ৬৪ জন ভবন মালিকের অনুমোদিত নকশা তাদের হাতে তুলে দেন চেয়ারম্যান নিজে। এ সময় খুমেক হাসপাতালের সামনে জনৈক মমতাজ বেগমের একতলা ভবনের নকশা নেয়ার পর দ্বিতীয়তলা ভবনের নকশা অনুমোদন করার জন্য ভোগান্তির অভিযোগ করেন তারই পক্ষে ইশারাত আলী। এ অভিযোগ করা হয় ইমারত পরিদর্শক মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ সময় চেয়ারম্যান কেডিএ’র সচিব ও প্রধান প্রকৌশলীকে অভিযোগটি তদন্ত করে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। সভায় চেয়ারম্যান বলেন, বাসযোগ্য নগরায়ন করতে নকশা বর্হিভূত কোন ভবনের অনুমোদন কেডিএ দিবে না। এক পর্যায়ে ওই ভবন কেডিএ অপসারণ করবেই। এতে কোন ছাড় দেয়ার সুযোগ আইনে নেই। জমি ক্রয়ের সময় অনলাইনে ভূমি ম্যাপ চার্জ দিয়ে জমি জলাধারা না কি বিলেন দেখেন। বিষয়টি পরিস্কার করে জেনে বুঝে জমি ক্রয় করুন। জলধারা ক্রয়ের পর ওই জমিতে কেডিএ কোন ভাবে নকশা দিবে না। এ জন্য কেডিএ-কে দায়ী করলে হবে না। আপনাকে জমি ক্রয়ের আগে অনলাইনে চার্জ দিয়ে জমির অবস্থান বুঝে নেন। নকশার জন্য পরিপূর্ণ আবেদন অনুমোদন করতে কেডিএ’র ১৫-৩০ দিন লাগে। তার বেশী লাগবে না। এ সময়ের বেশী সময় কেউ নিলে সরাসরি চেয়ারম্যানের দ্বারস্থ হওয়ার জন্য তিনি বলেন।
রূপসায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
রূপসা(খুলনা) প্রতিনিধি
খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আইচগাতি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ আনিছুর রহমান মিঠু। মঙ্গলবার সকালে ইউপি সদস্যর বাসভবনে ১ হাজার অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব আনিছুর রহমান মিঠু, মনিরুল ইসলাম, মিরাজ মল্লিক, আকলিমা খাতুন তুলি, আওয়ামীলীগ নেতা ইলিয়াজ মল্লিক, স্বেচ্ছাসেবকলীগের মাহমুদ খান রাসেল, যুবলীগের মহিউদ্দিন খান প্রিতম, আকাশ ঢালী, এনামূল কবির রনি, রাতুল গাজিসহ অনেকেই।
রাসটিকের শীতবস্ত্র ও স্কুল ড্রেস প্রদান
খবর বিজ্ঞপ্তি
নগরীর সোনাডাঙ্গাস্থ ডা: কাথি জর্দান ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিশু-কিশোরদের মাঝে গতকাল মঙ্গলবার শীতবস্ত্র ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রাসটিক এর আয়োজনে নগরীর সোনাডাঙ্গাস্থ উক্ত ট্রেনিং সেন্টারের শিশু কিশোর ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র ও স্কুল ইউনিফর্ম বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেসিসির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু। সংগঠনের সিনিয়র সদস্য মিসেস কবিরা বেগমের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসটিক এর নির্বাহী পরিচালক অশোকা পেলো, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ এবারত আলী, মোল্লা শওকত হোসেন, মোঃ আরিফুর রহমান, মোঃ আলী আকবর প্রমুখ।
কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
উপ-মহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তে-ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাম আদর্শের বাতিঘর, কিংবদন্তী বিপ্লবী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি প্রয়াত কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জানুয়ারি। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসীচির মধ্যে নড়াইল বাকড়ীতে বেলা ২টায় কমরেড অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও দু’দিন ব্যাপী স্মরণমেলার আয়োজন করা হয়েছে। অপরদিকে পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ বুধবার সন্ধ্যায় কমরেড অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান করা হয়েছে।
শ্যামনগরের জেলেখালীতে মা বনবিবির পূজা সকল ধর্মের মানুষের মিলন মেলা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবন এলাকায় বনজীবীদের আত্মবিশ্বাসী এক নারী শক্তির নাম বনবিবি। যিনি জেলে, মৌয়াল, বাওয়ালীদের বাঘ রুপী অপশক্তির হাত থেকে রক্ষা করেন। এই বাঘ রুপী অপশক্তির হাত থেকে যেমনটি রক্ষা পেয়েছিল সুন্দরবন এলাকার লোকসংষ্কৃতির শিশু চরিত্র দুঃখে।
সেই বিশ্বাস থেকে ১১৫ বছর পূর্বে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী নামক গ্রামে বাঘের অত্যাচার থেকে রক্ষা পেতে মন্দির প্রতিষ্ঠা করে বনবিবি পূজা শুরু করেন যজ্ঞেশ্বর মন্ডল নামে এক ব্যক্তি। সেই সময়ে জেলেখালী গ্রামে বাঘের খুব অত্যাচার ছিল। প্রতিবছর মাঘ মাসের ১ তারিখ পৌষ সংক্রান্তিতে এই পূজার আয়োজন করা হয়। এইদিন বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, আবাল বৃদ্ধ, সকল ধর্মের মানুষ এই মেলা দেখতে চলে আসেন। স্থানটি পরিনত হয় লোকসংস্কৃতির এক মিলন মেলায়। এখানে সকল ধরনের খাবার, কাঁচা সবজী, ফল ও মাছও বিক্রয় হয়।
ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী, ১৫০০ খ্রিস্টাব্দ নাগাদ সুন্দরবন এলাকায় দক্ষিণরায়, বণিক ধোনাই ও মোনাই এবং গাজীর অস্তিত্বের কথা জানা যায়।
শোনা যায়, সুন্দরবনের এক প্রত্যন্ত গ্ৰামে এক বিধবা মহিলা ও তাঁর ছেলে বাস করত। বাপ হারা ছোট্ট ছেলেটির নাম ছিল দুখে। দুখের দুই জ্ঞাতি কাকা ছিল পাশের গ্ৰামের ধনা ও মনা। একদিন দুখেকে নিয়ে তারা মধু আহরণ করতে যায় সুন্দরবনে।
যাওয়ার সময় দুখের মা ছোট্ট ছেলেকে বলে, বনে তার আরেক মা রয়েছে। বিপদে পড়লে যেন তাকেই স্মরণ করে দুখে। তিনিই সব বিপদ থেকে রক্ষা করবেন।
তখন গভীর বনে বাস করতেন গাজী আউলিয়া। বনের পাহারায় থাকতেন বাঘরূপী অপদেবতা দক্ষিণ রায়। যেমন দাপুটে তার চেহারা, তেমনই ছিল অহঙ্কার। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল।
এদিকে মধু শিকারে এসে কাজে মন নেই দুখের। মায়ের জন্য সারাদিন তাঁর মন কাঁদছে। কতক্ষণে মায়ের কাছে ফিরে যেতে পারবে সে কথাই ভেবে চলেছে।
এমন সময় এক রাতে দক্ষিণ রায় ধনা মনার স্বপ্নে এলেন। মধু ও প্রচুর ধনসম্পত্তির আশীর্বাদ দিলেন তাদের। তবে শর্ত রাখলেন, দুঃখেকে উৎসর্গ করতে হবে তাঁর কাছে। নইলে নৌকা ডুবিয়ে দেবেন।
ধনা মনা এক বাক্যে মেনে নিল দক্ষিণ রায়ের আদেশ। পরেরদিনই এক পরিত্যক্ত দ্বীপে দুঃখেকে ছল করে একা ফেলে আসা হল। সরল দুখে পরে বুঝতে পারল সবটা। তখন হঠাৎই মনে পড়ল তার মায়ের বলা কথা। বনে দুখের আরেক মা রয়েছে। কাঁদতে কাঁদতে সেই মাকেই স্মরণ করল দুখে।
দুখে স্মরণ করতেই তার সামনে এসে দাঁড়ান এক অপরূপ সুন্দরী দেবী। এক হাতে তার খোলা ধারালো তলোয়ার। তিনিই বনবিবি, সুন্দরবনের ত্রাণকর্ত্রী। দুখেকে কোলে তুলে নিতেই সে কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা জানাল বনবিবিকে।
সব শুনে রাগে ফেটে পড়লেন বনবিবি। ভাই শাহ জঙ্গলীকে আদেশ দিলেন রণসাজে সজ্জিত হয়ে দক্ষিণ রায়কে পরাস্ত করার। শাহ জঙ্গলি কিছুক্ষণেই দক্ষিণ রায় ও গাজি আউলিয়াকে এনে হাজির করেন বনবিবির পায়ের সামনে। দক্ষিণ রায় উপায় না দেখে বনবিবির বশ্যতা স্বীকার করে নেন।
এই কারণেই বনবিবির মূর্তির সঙ্গেই থাকে একটি ছোট্ট ছেলের মূর্তি। সে আসলে ছোট্ট বাপ হারা দুঃখে। দুঃখের মতোই সুন্দরবনের সমস্ত প্রাণীদের রক্ষার ভার বনবিবির।
বনবিবি ও তাঁর ভাই শাহ জঙ্গলীর সঙ্গেই পূজিত হন দক্ষিণ রায়। কখনও মানুষ রূপে কখনও বা বাঘরূপে। দুখের উপস্থিতি ও শাহ জঙ্গলীর আক্রমণাত্মক রূপ আসলে এই গাঁথার কথাই মনে করিয়ে দিতে চায়।
জেলেখালী গ্রামের দেবীরঞ্জন মন্ডল বলেন, ”১১৫ বছর ধরে আমাদের গ্রামে মা বনবিবির পূজা হয়ে আসছে। এখানে আগে বাঘের খুব অত্যাচার ছিল। বাঘের অত্যাচার থেকে বাঁচার জন্য একই গ্রামের যজ্ঞেশ্বর মন্ডল এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই দিনে সকল ধর্মের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। এক মিলন মেলায় পরিনত হয়। এই মন্দিরের উন্নতিকল্পে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাহলে আমরা আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করতে পারব।










































