ঢাকা অফিস
মানুষকে যথাযথ ভূমিসেবা নিশ্চিত করার জন্য ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর-সংস্থার গণকর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সেমিনার হলে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমি সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা।
ভূমিমন্ত্রী বলেন, তাঁকে প্রধানমন্ত্রী একটি মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এ মিশন তিনি পূরণ করতে সংকল্পবদ্ধ। তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, নারী অধিকার নিশ্চিতকরণ, আর্থসামাজিক উন্নয়ন, শিল্প ও খনিজসম্পদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা; সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ উন্নয়নের সর্বক্ষেত্রে ভূমি প্রয়োজন। এ জন্য টেকসই, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সংস্কার বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের অংশ।









































