খুলনাঞ্চল রিপোর্ট
বরিশাল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ময়মনসিংহের মুক্তাগাছায় নির্বাচনি সহিংসতায় ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে রূপগঞ্জে ২০ জন এবং বরিশাল ও মুক্তাগাছায় একজন করে রয়েছেন। বরিশাল-৫ আসনের নৌকার কর্মী শাফায়েত হোসেন জিসানকে অটোরিকশায় তুলে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ছুরিসহ মেহেরাব, সোয়েব ও মামুন নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গাড়ি এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে অবরুদ্ধ করে রাখা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নবনির্বাচিত এমপির সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন লাঙ্গলের সমর্থক রাশেদুল ইসলাম। উপজেলার এনএন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেয়েকে আনতে গিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষের হামলার শিকার হন ওই যুবক। রাশেদ উপজেলার তারাটি এলাকার ফকিরপাড়া গ্রামের লুতফর রহমানের ছেলে। নবনির্বাচিত স্বতন্ত্র (ট্রাক প্রতীক) এমপি কৃষিবিদ নজরুল ইসলামের ২০-২৫ জন সমর্থক এ হামলা করেছে বলে দাবি করেছেন রাশেদ ও তার পরিবারের লোকজন।
বরিশাল : বরিশাল-৫ আসনের নৌকার কর্মী শাফায়েত হোসেন জিসানকে নগরীর রোকেয়া আজিম সড়কে সোমবার রাত ১২টার দিকে অটোরিকশায় তুলে হত্যাচেষ্টা চালানো হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
এর আগে ভুক্তভোগী যুবককে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে অপহরণ করা হয়। ৭ জানুয়ারির নির্বাচনে আহত জিসান ও অভিযুক্তরা সবাই বরিশাল নগরীতে নৌকার কর্মী হিসেবে কাজ করেছেন। সেদিন তাদের মধ্যে খাবার নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তার জেরে এ ঘটনা ঘটেছে বলে গ্রেফতার ব্যক্তিদের বরাতে জানিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, খুনের উদ্দেশে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর বাবা জাহিদ হাসান মঙ্গলবার বাদী হয়ে মামলা করেছেন।











































