মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছে ৪ গ্রামের হাজার হাজার পরিবার। সাড়ে ৭ কিলোমিটারে স্থায়ী বেড়িবাঁধের দাবি স্থানীয়দের।
সরজমিন উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের একটি বড় অংশ নদীর তীরবর্তী ভাঙন কবলিত এলাকা ৭, ৮, ৯ ও পৌরসভার ৯নং ওয়ার্ডের একটি অংশ জুড়ে ছোলমবাড়ীয়া, বদনীভাঙ্গা, সানকীভাঙ্গা, পাঠামারা- এই ৪টি গ্রামে ৫-৬ হাজার পরিবারের বসবাস। এরমধ্যে বদনীভাঙ্গা গ্রামেরই ৮শ’ পরিবার। পাঠামারা ও হাজীগঞ্জের অধিকাংশ মানুষই জেলে পেশায় নিয়োজিত। জীবিকার তাগিদে বছরের অর্ধেকটা সময় সাগরে মাছ ধরার কাজে ব্যস্ত থাকেন তারা। নদীর তীরবর্তী বসবাস হওয়ায় প্রতিবছরই পানগুছি নদীর অব্যাহত ভাঙনে পার্শ্ববর্তী গ্রামগুলোসহ ৪ গ্রামের প্রায় ১ হাজার বিঘা ফসলি জমি ৫ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন নতুন ভাঙনের কারণে প্রতিবছরই স্থান পরিবর্তন করতে হয় গ্রামবাসীদের। নদীর করাল গ্রাসে অনেকে নিঃস্ব হয়ে পরিবার-পরিজন নিয়ে চলে গেছেন রাজধানীসহ বিভিন্ন জেলা উপজেলায়। ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত ২ শতাধিক পরিবার। বর্তমানে হুমকির মুখে রয়েছে নদীর নিকটবর্তী দক্ষিণ পাঠামারা হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদনীভাঙ্গা প্রাথমিক সরকারি বিদ্যালয়, বদনীভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মসজিদ, হাজীগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।
ভাঙন কবলিত এলাকার ভুক্তভোগী পাঠামারা গ্রামের ইদ্রিস ফরাজী, শাহ আলম ফরাজী, আবু সালেহ ফরাজী, সানকীভাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন, সিদ্দিকুর রহমান শিকদার, বদনীভাঙ্গা গ্রামের শেখ আব্দুস সালাম শেখ, শাহ আলী, তোফাজ্জেল হোসেন, জাহিদুল ইসলামসহ একাধিকরা জানান- আশির দশক থেকেই ভাঙন শুরু হয়েছে। ছোট্ট পানগুছি নদী ভাঙতে ভাঙতে এখন বড় আকার ধারণ করেছে। পৈতৃক বাড়িঘর, ফসলিজমি নদীগর্ভে বিলীন হয়ে কতোবার যে স্থান পরিবর্তন করতে হয়েছে। সর্বশেষ মাথাগোঁজার ঠাঁই করে যেখানে আছি তা কতোক্ষণ থাকতে পারবো কিছুই বুজতে পারছি না। কবে যে বেড়িবাঁধ হবে সান্ত্বনার আশা নিয়েই বেঁচে আছি। এ বিষয়ে হোগলাবুনিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান বলেন, ইউনিয়নের ৩টি গ্রাম ও পৌরসভার ১টি ওয়ার্ডের কিছু অংশ ভাঙন কবলিত। আশির দশক থেকেই এ ভাঙন শুরু হয়েছে। প্রতিবছরই নদীর পাড়ে নতুন নতুন রাস্তা করতে হয়। কয়েক মাস যেতে না যেতেই ভেঙে নদীগর্ভে চলে যায়। ছোলমবাড়ীয়া স্লুইস গেট সংলগ্ন থেকে হাজীগঞ্জ বাজার মরা বলেশ্বর অভিমুখি সাড়ে ৭ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধের প্রস্তাবনা দেয়া হয়েছে। ইউনিয়নবাসী এখন বাস্তবায়নের অপেক্ষায়।











































