Home খেলাধুলা আজ দেওয়া হবে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার, পাবেন কে?

আজ দেওয়া হবে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার, পাবেন কে?

32

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড।’ যা দেওয়া হবে আজ। লন্ডনে বাংলাদেশ সময় সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বছরের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে পুরস্কৃত করবে ফিফা। এছাড়া জানা যাবে বর্ষসেরা কোচদের নাম।

২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত ক্লাব কিংবা জাতীয় দলের পারফরম্যান্সকে বিবেচনায় এই পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালের ছেলেদের বিশ্বকাপের পারফরম্যান্স এখানে হিসেবে আসছে না। যদিও মেয়েদের বিশ্বকাপ বিবেচনায় নেয়া হবে। যা ২০২৩ সালের ১ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট শেষ হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে লন্ডনে বসেছিল ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাস অ্যাপস ও ফিফার ওয়েবসাইটে।

অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী ও বিখ্যাত ফুটবলার থিয়েরি হেনরি। এবার বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন স্পেনের আইতানা বোনমাতি, কলম্বিয়ার লিনদা কাইসেদো ও স্পেনের আরেক তারকা জেনিফার হারমোসো।

এর আগে গত ডিসেম্বরে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। এতে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন নরওয়েজিয় তারকা আর্লিং হালান্ড ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

বর্ষসেরা কোচের লড়াইয়ের জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। তার সঙ্গে লড়াইয়ে আছেন দুই ইতালিয়ান সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় আছেন মরক্কোর ইয়াসিন বোনো, ব্রাজিলের এডারসন ও বেলজিয়ামের থিবো কর্তোয়া।

ফুটবলের শীর্ষ পারফর্মারদের সম্মানিত করতে ১৯৯১ সালে চালু হয় ফিফার অ্যাওয়ার্ড। তখন নাম ছিল ‘ফিফা বর্ষসেরা খেলোয়াড়’। ২০০৯ সাল পর্যন্ত এই নামেই ছিল। তবে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের সঙ্গে মিলে পুরস্কারটি দেয়া হয় “ফিফা-ব্যালন ডি’অর” নামে। এরপর ২০১৬ সাল থেকে হয়ে আসছে ‘দ্য বেস্ট’।