স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের গোল ও জিয়ানলুইজি দোনারুম্মার পেনাল্টি সেভে রোববার লিগ ওয়ানে গত মৌসুমের রানার্স-আপ লেন্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে লিগ টেবিলে আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৭ মিনিটে পোলিশ মিডফিল্ডার প্রিজিমিস্লাভ ফ্র্যাংকোভস্কির পেনাল্টি রুখে দেন দোনারুম্মা। এরপর ৩০ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলেই এগিয়ে যায় পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে যা তার ক্যারিয়ারের দ্বিতীয় গোল।
ম্যাচ শেষের এক মিনিট আগে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। মৌসুমে এটি তার ১৯তম লিগ গোল।
পিএসজি বস লুইস এনরিকে বলেছেন, ‘পুরো ম্যাচ নিয়ে আমি দারুণ সন্তুষ্ট। আমি মনে করি আমার দল সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে। আজ আমাদের কোন প্রত্যাশা ছিল না। সবাই পাগল হয়ে উঠেছিল। কিন্তু আমি নিয়ন্ত্রণে থাকতে বলেছি।’
গত মৌসুমে পিএসজির থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান লাভ করা লেন্স এবার আর নিজেদের মেলে ধরতে পারছে না। যদিও তাদের ঘরের মাঠের ফর্ম বেশ শক্তিশালী রয়েছে। শীতকালীন বিরতির আগ পর্যন্ত লেন্স ঘরের মাটিতে ১১ ম্যাচে অপরাজিত ছিল।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বারকোলাকে ফাউলের অপরাধে জোনাথন গ্রাডিট সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে লেন্সের ম্যাচে ফিরে আসার স্বপ্ন শেষ হয়ে যায়।











































