নিজস্ব প্রতিবেদক।।
খুলনায় ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাতে তেরখাদা উপজেলার চরজয়সেনা গ্রামে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই ইজিবাইকসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন, গোপালগঞ্জের চরমানিকদাহ গ্রামের মোহন সরদারের ছেলে সুমন সরদার (৩২) ও তেরখাদা উপজেলার চরজয়সেনা গ্রামের মো. ইউনুছ শেখের ছেলে মো. ইয়ামিন শেখ (১৯)।
সোমবার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. নাসির উদ্দিন জানান, গোপান সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালান। এ সময় তারা জানতে পারে, চরজয়সেনা গ্রামের ইয়ামিন শেখের বসতঘরের পেছনে চোরাই ইজিবাইক বেচাকেনা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার ও একটি কালো-লাল রঙয়ের ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার করা ইজিবাইকের দাম দেড় লক্ষাধিক টাকা।
এ ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে তেরখাদা থানায় একটি দায়ের করেছেন।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিরা পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











































