স্পোর্টস ডেস্ক
মোঞ্জাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পাঁচ পয়েন্টের ব্যবধানে সিরি আ টেবিলের শীর্ষস্থান শক্তিশালী করেছে ইন্টার মিলান। হাকান কালহানগ্লু ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলের পাশাপাশি মার্কোস থুরামের গোলে ইন্টার বড় জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে কালহানগ্লু স্কাই স্পোর্টকে বলেছেন, ‘মোঞ্জা একটি ভাল দল। কিন্তু আজ আমরা যেভাবে খেলেছি তাতে যেকোন দলই আমাদের সামনে বিপদে পড়বে।’
তুরষ্কের অধিনায়ক কালহানগ্লু মধ্যমাঠে নতুন ভূমিকায় খেলা শুরু করার পর থেকেই নিজেকে বদলে ফেলেছেন। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি ১০ গোল করেছেন। কোচ সিমোনে ইনজাগির অধীনে কানহানগ্লু এবারের মৌসুমে দারুণভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এ সম্পর্কে কালহানগ্লু বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি প্রতিদিনই নিজেকে উন্নত করার চেষ্টা করছি। দলে এখন আমি নতুন ভূমিকায় আছি যা আমি বেশ পছন্দ করেছি। আমি সবসময়ই সতীর্থদের জন্য সেরাটা দেবার চেষ্টা করে থাকি।’
সিরি আ ছেড়ে ইন্টার এখন চার দলের ইতালিয়ান সুপার কাপ খেলতে রিয়াদে যাবে। বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ লাজিও। আরেক সেমিফাইনালে লড়বে নাপোলি ও ফিওরেন্টিনা।
সুপার কাপ শেষে পরপর দুই ম্যাচে ইন্টারের প্রতিপক্ষ উতে থাকা ফিওরেন্টিনা ও লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ইন্টারের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে জুভেন্টাস।
শনিবার ইন্টার যেভাবে পারফর্ম করেছে তাতে যেকোন প্রতিপক্ষই তাদের বিপক্ষে মাঠে নামতে কিছুটা হলেও শঙ্কা প্রকাশ করবে। মার্টিনেজের হেড থেকে রবার্তো গাগলিয়ারদিনির হেডে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে ১২ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন কালহানগ্লু।
দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন মার্টিনেজ। পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়িয়ে সফরকারীদের ২-০ গোলের লিড এনে দেন তিনি। ২৯ মিনিটে মাত্তেও পেসিনার হেডের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে গেলে মোঞ্জার ম্যাচে ফেরা হয়নি।
থুরামের সহায়তায় ৬০ মিনিটে কালহানগ্লু তার দ্বিতীয় গোল পূরণ করেন। ৯ মিনিট পর পেসিনা পেনাল্টি স্পট থেকে স্বাগতিকদের এক গোল উপহার দিলেও ততক্ষণে বিপদ যা হওয়ার হয়ে গেছে।
ম্যাচ শেষের ৬ মিনিট আগে স্পট কিক থেকে মার্টিনেজ কোন ভুল করেননি। এর মাধ্যমে এবারের মৌসুমে ১৮ গোল করলেন তিনি। চার মিনিট পর একক প্রচেষ্টায় ইন্টারের হয়ে পঞ্চম গোলটি করেন থুরাম।










































