Home খেলাধুলা মন্ত্রী হিসেবে প্রথমদিন যা করবেন পাপন

মন্ত্রী হিসেবে প্রথমদিন যা করবেন পাপন

45

ক্রীড়া প্রতিবেদক

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হয়েছে। শুক্র-শনিবার সরকারি ছুটি। মন্ত্রী হিসেবে রোববার পাপনের প্রথম কর্মদিবস।
প্রথম কর্মদিবসেই ক্রীড়াঙ্গনের সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নতুন ক্রীড়ামন্ত্রী। রোববার সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসবেন পাপন। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েক ঘণ্টা সময় কাটানোর পর দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদে আসবেন নতুন ক্রীড়ামন্ত্রী। এখানে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ পাপনকে ফুলেল শুভেচ্ছা জানাবেন।

শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি পাপন বিভিন্ন ফেডারেশনের সামগ্রিক অবস্থা সম্পর্কেও খানিকটা অবগত হবেন। এরপর গণমাধ্যমের সঙ্গে মন্ত্রী হিসেবে নিজের আনুষ্ঠানিক প্রথম দিন নিয়ে কথা বলবেন বিসিবি সভাপতি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চারটি অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জাতীয় ক্রীড়া পরিষদ। যার মাধ্যমে দেশের সকল ফেডারেশন ও জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার তদারকি হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের অন্য তিনটি অঙ্গ হচ্ছে- বিকেএসপি, ক্রীড়া পরিদফতর, যুব উন্নয়ন অধিদফতর।