স্টাফ রিপোর্টার
দীর্ঘ সাড়ে তিন বছর বন্ধ থাকার পর কোনোমতে চালু হয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত দুটি পাটকল। তবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নয়, ইজারার মাধ্যমে চালু হয়েছে খুলনার দৌলতপুর ও যশোরের জেজেআই জুট মিল। অন্য সাতটি পাটকল কবে চালু হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই। কিন্তু বিজেএমসি বলছে, অন্য ৬টি পাটকল ইজারার মাধ্যমে চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের ২ জুলাই খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল বন্ধ করে দেয় বিজেএমসি। এর ফলে চাকরি হারান প্রায় ৩৩ হাজার ৩০৬ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। লিজের মাধ্যমে আধুনিকায়ন করে ৩ মাসের মধ্যে মিলগুলো আবার চালু করার ঘোষণা দিয়েছিল বিজেএমসি। কিন্তু ধীরগতিতে পড়ে সেই প্রক্রিয়া।
বন্ধের প্রায় ৩ বছর পর দৌলতপুর জুট মিল ইজারা দেয়া হয়েছে ফরচুন গ্রুপকে। আর জেজেআই জুট মিল ইজারা নেয় আকিজ গ্রুপ। প্রায় তিন থেকে চার মাস ইজারা নেয়া দুটি প্রতিষ্ঠান মিলগুলোতে সংস্কার কাজ করে।
বিজেএমসি ও মিল সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর দৌলতপুর জুট মিলে সীমিত পরিসরে উৎপাদন শুরু হয়। বর্তমানে মাত্র ১০ থেকে ১৫টি তাঁত মেশিন চালানো হচ্ছে। মিলটিতে তাঁত মেশিন রয়েছে ২৫০টি। নিয়োগ করা হয়েছে প্রায় ১৫০ শ্রমিক। আর গত ১ মাস ধরে পরীক্ষামূলকভাবে পাটপণ্য উৎপাদন করা হচ্ছে জেজেআই জুট মিলে। বর্তমানে সেখানে মাত্র ২৮০ জন শ্রমিক কাজ করছেন। ৪৬৬টি তাঁত মেশিনের সব চালু করা হয়নি।
দৌলতপুর জুট মিল ও ফরচুন গ্রুপের জেনারেল ম্যানেজার মো. ইসহাক আলী জানান, কিছুদিন পর পাটকল পুরোদমে চালু হবে। এছাড়া পাটকলের একটি অংশে তারা জুতা তৈরির কারখানা করেছেন। ওই কারখানার মেশিন ইতোমধ্যে আনা হয়েছে। শিগগিরই জুতা তৈরির কাজও শুরু হবে।
জেজেআই জুট মিল ও আকিজ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. তারিক আহমেদ শিমুল জানান, শিগরিগই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হবে। এছাড়া আরও শ্রমিক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
পাট সূতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্লাটিনাম জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের দাবি হচ্ছে মিলগুলো আধুনিকায়ন করে আবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা হোক। কিন্তু বিজেএমসি তা করেনি। তারা মিল ইজারা দিয়ে চালুর যে চেষ্টা করছে তা শ্রমিকদের জন্য খুব একটা কাজে আসবে না।
এ ব্যাপারে বিজেএমসি’র খুলনা কার্যালয়ের আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, যশোরের কার্পেটিং জুট মিল যৌথভাবে ভারতের মোহন গ্রুপ এবং এদেশের আকিজ গ্রুপ ইজারা নিয়েছে। মিলটি দ্রুতই তাদের কাছে হস্তান্তর করা হবে। খুলনার খালিশপুর জুট মিল রেডিয়েন্ট গ্রুপ ইজারা নিয়েছে। ইস্টার্ন জুট মিল ইজারা নেয়ার জন্য ইতোমধ্যে ভারতের মোহন গ্রুপ টাকা জমা দিয়েছে। শিগগিরই তাদের সঙ্গে বিজেএমসির চুক্তি হবে।
তিনি জানান, স্টার ও প্লাটিনাম জুট মিল আকিজ গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান ইজারা নেয়ার জন্য দরপত্র জমা দিয়েছে। ক্রিসেন্ট জুট মিল ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। তবে আলিম জুট মিলের মালিকানা নিয়ে মামলা থাকায় সেটি ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে না।











































