Home আঞ্চলিক মূলধন হারিয়ে একে একে বন্ধ হচ্ছে চাতাল

মূলধন হারিয়ে একে একে বন্ধ হচ্ছে চাতাল

39

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।

অনেকে মূলধন হারিয়ে গুটিয়ে নিয়েছেন ব্যবসা। অনেকে টিকতে না পেরে চাতাল ভাড়া দিয়েছেন অন্যের কাছে। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালীর অধিকাংশ চাতালে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শস্যভান্ডারখ্যাত উপজেলায় একসময় চাতাল ছিল অর্ধশতাধিক। নানা কারণে তা কমছে। আগের বছর উপজেলা খাদ্যগুদামে নিবন্ধন ছিল ২৮টির। ওই অর্থবছরে (২০২১-২২) চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় ২২টির নিবন্ধন বাতিল করা হয়েছে। মালিকরা বলছেন, গুদামে সরবরাহের জন্য সরকারের বেঁধে দেওয়া দরের সঙ্গে খোলাবাজারে বিক্রির দরে মিলছে না। এ ছাড়া উপজেলার একমাত্র অটো রাইস মিলের সঙ্গেও প্রতিযোগিতায় টেকা যাচ্ছে না। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন বেশির ভাগ মালিক। এতে অনিশ্চয়তায় পড়া শ্রমিকরাও বদলাচ্ছেন পেশা।

সোমবার দুপুরে কুমারখালী পৌর এলাকার এলংগীপাড়া, তেবাড়িয়া, শেরকান্দিসহ কয়েকটি এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।

এলংগীপাড়ার মজিদ রাইস মিলের মালিক এম এ উল্লাসের ভাষ্য, ধান কিনতে হয় বেশি দামে; কিন্তু চালের দাম মেলে কম। আবার শ্রমিকও পাওয়া যায় না। বাধ্য হয়ে নিজের কল মাসিক ৬ হাজার টাকায় ভাড়া দিয়েছেন।

একই এলাকার বাবুল রাইস মিলে কথা হয় কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে। তাদের মধ্যে সীতা রানীর (৫৫) বাড়ি শেরকান্দি। স্বামী মারা গেছেন বহু বছর। পাঁচজনের সংসার চলে তাঁর আয়ে। ২৫ বছর ধরে চাতালে কাজ করেন। তাঁর ভাষ্য, মজুরি এই দীর্ঘ সময়েও তেমন একটা বাড়েনি। বাধ্য হয়ে অনেকে পেশা বদলাচ্ছেন। নতুন করে কেউ এ কাজে আসতে চান না।

চাতাল শ্রমিকরা দলবেঁধে কাজ করেন। প্রতি দলে থাকেন চারজন। এসব তথ্য জানিয়ে একই চাতালে কর্মরত এলংগীপাড়ার বাসিন্দা আবু বক্কর (৫৫) বলেন, মণপ্রতি ২৫ টাকা চুক্তিতে কাজ করেন তারা। ১০০ মণ ধান শুকিয়ে চাল হলে তারা ২ হাজার ৫০০ টাকা আর ১৮ কেজি চাল পান। এ জন্য তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে যায়। তাঁর ভাষ্য, দিনে মাত্র ৩০-৪০ টাকা আর তিন পোয়া চাল পান শ্রমিকরা। কয়েক বছর আগেও প্রতি দলের সদস্যরা মিলে একই কাজের জন্য ২ হাজার ৪০০ টাকা ও ১৬ কেজি চাল পেতেন।

উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, একসময় ছোট-বড় মিলিয়ে কুমারখালীতে ৫৩টি চালকল ছিল। নানা কারণে অধিকাংশ বন্ধ রয়েছে। আগের মৌসুমেই নিবন্ধিত ২৮টি কলের মধ্যে ২২টির নিবন্ধন বাতিল হয়েছে।

মালিকদের ভাষ্য, বিদ্যুতের ডিমান্ড চার্জ বেশি হওয়ায় তাদের বিপদ হয়েছে। এ ছাড়া শ্রমিক সংকটসহ নানা কারণে একের পর এক চালকল বন্ধ হচ্ছে। কেউ কেউ আবার চাতালে চালের পরিবর্তে ধানের চিটা থেকে গুঁড়া তৈরি করছেন। সাবেকি পদ্ধতির চাল উৎপাদন করে তারা অটো রাইস মিলের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না।

এর সত্যতা পাওয়া যায় ২২-২৩ অর্থবছরে খাদ্যগুদামে কেনা চালের পরিমাণে। ওই বছর চাল কেনার লক্ষ্যমাত্রা ৬৬৭ টন। এর মধ্যে ৩৬৫ টনই সরবরাহ করেছে আনসার অটো রাইস মিল। উপজেলার একমাত্র অটো রাইস মিলটির অবস্থান পৌর এলাকার তরুণ মোড়ে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের মালিক আনসার প্রামাণিকের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

এলংগীপাড়ার হারেজ রাইস মিলের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, খাদ্যগুদামে সরবরাহের জন্য সরকারের বেঁধে দেওয়া চালের দামের সঙ্গে খোলাবাজারের দামে সমন্বয় নেই। তাদের দরে চাল দিতে না পারায় তাঁর প্রতিষ্ঠান বাতিলের তালিকায় পড়েছে। চাতাল না চললেও ডিমান্ড চার্জ দেওয়া লাগে। ১৫ মাস ধরে বন্ধ রয়েছে তাঁর চাতাল।

৩০ বছরের বেশি সময় ধরে চাতাল পরিচালনা করেন উপজেলার তেবাড়িয়ার হাবিব রাইস মিলের মালিক মো. সেলিম হোসেন। তিনি বলেন, শুরুতে ১৫ থেকে ১৮ জন শ্রমিক কাজ করতেন। শ্রমিক সংকটের কারণে বেশ কিছুদিন ধরে চাতাল বন্ধ রেখেছেন। তিনি চাল উৎপাদনের বদলে ধানের চিটা সংগ্রহ করে গুঁড়া ভাঙানোর কাজ করছেন।

উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা মো. এরশাদ আলীর ভাষ্য, খোলাবাজারের সঙ্গে সরকারের বেঁধে দেওয়া দামে সমন্বয় করতে পারছেন না চাতাল মালিকরা। এতে তারা চাল দিতে ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ দাস জানান, গত অর্থবছরে উপজেলায় ২৭ হাজার ৮৫৩ হেক্টর জমিতে ধানের আবাদ হয়। চাল উৎপাদন হয়েছে ১ লাখ ১ হাজার ৩১১ টন। বন্ধ হওয়া চাতাল রক্ষায় প্রশাসনের কিছু করণীয় নেই বলে মন্তব্য করেন কুমারখালীর ইউএনও মো. মাহবুবুল হক।