Home Uncategorized নবগঠিত সরকারের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ

নবগঠিত সরকারের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ

41

ঢাকা অফিস।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। নীতিনির্ধারণ পর্যায়ের এ বৈঠক থেকে নতুন সরকারের পরিকল্পনা সাজাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবগঠিত সরকারের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-উত্তর সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন। নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি সরকারকে চিন্তায় ফেলেছে। ৭ জানুয়ারি নির্বাচনের পর ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না।’ যদিও নতুন সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি অনেকে দেশটির অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে বস্তুত তার এই উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থান বদলাবে কিনা সেটি বলার সময় এখনো আসেনি। তাই নির্বাচন ও সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে ঘাম ঝরাতে হতে পারে নতুন সরকারের।

আর একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। গত বছর প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ছিল সাধারণ মানুষের সাধ্যের বাইরে। যদিও সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্তদের একটা অংশকে স্বল্পমূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ দিচ্ছে। তবে এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরেনি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে,

২০২২ সালে যেখানে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬ শতাংশ, ২০২৩ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৭ শতাংশ। এই পরিসংখ্যান বলে দেয় সাধারণ মানুষ কতটা কষ্টে রয়েছে। নতুন সরকারকে শুরু থেকেই দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

নিয়ন্ত্রণহীন বৈদেশিক মুদ্রার বাজারও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত দুই বছর ধরে ডলারের বাজার পুরো নিয়ন্ত্রণহীন। আর এই ডলার সংকটের কারণে সরকার অনেক কিছুর দাম বৃদ্ধি করতে বাধ্য হয়। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর পরই ডলার সংকট কেটে যাবে এমন পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তাই সরকারকে ডলার সংকট মোকাবিলার চ্যালেঞ্জ নিতে হবে। ডলার সংকটের ফলে রিজার্ভে টান পড়েছে। চাহিদা মেটাতে গিয়ে সরকার রিজার্ভ থেকে অনেক অর্থ ঋণ নিয়েছে। রিজার্ভ পূর্বাবস্থায় কবে নাগাদ ফিরবে, তার ওপর অনেকটাই নির্ভর করে অর্থনৈতিক সংকট উত্তরণের পথ।

ডলার সংকটের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের বিষয়টির। এবার শীতকালেও লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে সরকার। ডলার সংকটের কারণে আমদানিনির্ভর জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। নতুন সরকারের সামনেও সেই চ্যালেঞ্জ রয়েছে।

দেশের ভেতরে ও বাইরে নানা রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে নতুন সরকারের সামনে। সংসদে অধিকাংশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হওয়ায় আগামীতে রাজনীতির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাংগঠনিক যে অবস্থা তাতে অচিরেই দলটির অস্তিত্ব-সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিরও গত তিন সংসদে সেই অর্থে কোনো প্রতিনিধিত্ব ছিল না। এবারও নেই। দেশে বিরোধী মতের রাজনীতি না থাকলে ক্ষমতাসীনদের জবাবদিহিতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আগামী রাজনীতির জন্য বড় সংকট তৈরি করতে পারে।

শুধু তাই নয়, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করার মতো চ্যালেঞ্জও রয়েছে। উপরন্তু দেশ থেকে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে সরকারের। এর পাশাপাশি অর্থপাচার বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লাগাম টেনে ধরতে হবে দুর্নীতিরও। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতির লাগাম টানতে না পারলে সরকার উল্টো বিপাকে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ- প্রধান এ তিন খাতে নানাবিধ দুর্বলতার কারণে বিশ্লেষকদের কঠোর সমালোচনা সহ্য করতে হয়েছে বিদায়ী সরকারকে।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের করণীয় সম্পর্কে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথম দিন থেকেই সরকারকে পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্টজনরা আমন্ত্রিত ছিলেন। বিশেষ করে বিভিন্ন দেশের কূটনীতিকরা এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। নির্বাচনের আগে সরকারের নির্বাচনী প্রক্রিয়া এবং বিরোধী দলকে ভোটে রাখার জন্য সবচেয়ে বেশি সরব থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস শপথ অনুষ্ঠানে উপস্থিতি ও তার শারীরিক ভাষা দেখে কেউ কেউ মনে করছেন সরকার হয়তো মার্কিন জুজু কাটিয়ে উঠতে যাচ্ছে। তা ছাড়া নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও আশার কথা শুনিয়েছেন।

গতকাল শুক্রবার ১২ জানুয়ারি মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সে সময় সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাজ্যের হাইকমিশনার, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোসহ প্রায় সব দেশের রাষ্ট্রদূতরাই উপস্থিত ছিলেন। অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতেই তারা সবাই গিয়েছিলেন। নতুন সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, চ্যালেঞ্জ অতীতে ছিল, সামনেও আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব, পূর্ব-পশ্চিম সবার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাব।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ। সেগুলো হচ্ছে- রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন মন্ত্রিসভা জবাবদিহিমূলক সুশাসন ও জনকল্যাণমূলক সরকার কতটুকু নিশ্চিত করতে পারবে, এটাই বড় প্রশ্ন। এটি এখনই বলা যাবে না, সময়ই বলে দেবে।