Home Uncategorized মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব কমেছে খুলনা বিভাগের

মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব কমেছে খুলনা বিভাগের

51

স্টাফ রিপোর্টার।।

এবারের মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব কমেছে খুলনা বিভাগের। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল গতবারের চেয়ে এবার যেন মন্ত্রিসভায় বেশি প্রতিনিধিত্ব থাকে। কিন্তু গতবার মন্ত্রিসভায় খুলনা বিভাগের ৪ জন থাকলেও এবার স্থান পেয়েছেন মাত্র ২ জন। ২০১৪ সালের নির্বাচনের পর খুলনা বিভাগে ২ জন পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী ছিলেন।
এবারের মন্ত্রীসভায় স্থান পেয়েছেন খুলনা-৫ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালের নির্বাচনের পর সরকার তাকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী করেছিল। ২০১৮ সালের মন্ত্রিসভায় তিনি ছিলেন না। এবার তাকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। এছাড়া দ্বিতীয়বার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গতবার তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন।

বাগেরহাট-৩ আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুন নাহার। তিনি গতবার পরিবেশ ও বন উপমন্ত্রী থাকলেও এবার মন্ত্রিসভায় স্থান পাননি।

গতবার শ্রম প্রতিমন্ত্রী ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে প্রার্থী হননি। যশোর-৫ আসনের বিদায়ী সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছেন।

খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ২৯টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৬ টি আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা এবং একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সরকারের নীতি নির্ধারণে সব বিষয়ে খুলনা অঞ্চল বৈষ্যমের শিকার হয়ে আসছে। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বলে আমরা মনে করছি। যেখানে ঢাকা থেকে ১৫, চট্টগ্রাম বিভাগ থেকে ৯ জন মন্ত্রী হয়েছেন, সেখানে খুলনা বিভাগ থেকে আরও কয়েকজনকে স্থান দেয়া যেত বলে আমরা মনে করি।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনা অঞ্চলের মানুষ বরাবরই বঞ্চিত হয়। মন্ত্রিসভায়ও তার প্রতিফলন ঘটেছে। স্থানীয় সংসদ সদস্যরা মন্ত্রী হলে এলাকার উন্নয়নে একটি বেশি নজর দেন। সুযোগ থাকলে খুলনা বিভাগ থেকে প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে আরও কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেয়ার অনুরোধ জানান তিনি।