কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুজন ‘গুলিবিদ্ধ’ হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে এ ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত কেঁদো শেখের ছেলে মো. জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সম্পর্কে ভাই এ দুজন পেশায় জেলে।
হামলার শিকার পরিবারের দাবি, ‘পূর্ব বিরোধ ও নির্বাচন নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলিতে তারা আহত হয়েছেন’। তবে গুলিতে আহতের বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, ‘নির্বাচন নয়, দ্বন্দ্বের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে’।
গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শষ্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) তাপস কুমার সরকার। তিনি জানান, ছররা গুলিবিদ্ধ হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা আশঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বর আব্দুল খালেকের সাথে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। পদ্মানদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন কারণে প্রায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বের কালোয়ারা মোড়ে দু’পক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের ছোট ভাই ইয়ারুল আলী অভিযোগ করে জানান, সাবেক মেম্বর খালেক, তার দুই ছেলে রিপন ও লিটন নিয়মিত জেলেদের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে ১০ থেকে ১৫ বছর ধরে ওই গ্রুপের সাথে তাদের বিরোধ চলছে। বিরোধের জেরে ও বিভিন্ন কারণে প্রায় তাদের ওপর হামলা করা হয়। শুক্রবার সকালেও তার দুই ভাইকে গুলি করে আহত করেছে।
তাঁর ভাষ্য, ‘নৌকায় ভোট দেওয়ার কারণেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা। অতীতের ঘটনায় কয়েকটি মামলা চলছে।’
তবে অভিযোগ অস্বীকার করে খালেক মেম্বরের ছেলে রিপন আলী ফোনে জানান, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেছিল। সেজন্য তারাও প্রতিপক্ষকে পাল্টা ধাওয়া দিয়েছিলেন। সে সময় কয়েকজনকে মারধর করা হয়েছে। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক এলাকাবাসী জানান, সকালে গোলাগুলির শব্দ শুনেছেন তারা। অতীতেও কয়েকবার সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
তবে গোলাগুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































