
স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে ম্যাচটিতে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই কিউইদের সঙ্গে পেরে ওঠেনি সফরকারীরা। ফলও যা হওয়ার তা-ই হয়েছে। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-২০তে কিউইদের কাছে ৪৬ রানে হেরেছে পাকিস্তান।
অধিনায়ক হিসেবে শুরুটা তাই ভুলে যাওয়ার মতো হয়েছে শাহিন শাহ আফ্রিদির। বোলিংয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন, এর মধ্যে এক ওভারে দিয়েছেন ২৪ রান। সব ধরনের টি-২০তে এটা আফ্রিদির সবচেয়ে খরুচে বোলিং। সব মিলিয়ে ৮ উইকেটে ২২৬ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এর চেয়ে বড় স্কোর নেই আর একটিও।
বোলারদের এমন হতাশায় প্রলেপ দিতে পারেননি পাকিস্তানি ব্যাটাররাও। সায়েম আইয়ুবের ব্যাটে দুরন্ত শুরু পেলেও তার আউটের পর জেতার পরিস্থিতি কমই তৈরি করতে পেরেছে পাকিস্তান। আইয়ুবের ৮ বলে ২৭ রানের ইনিংসে ২.২ ওভারে ৩৩ রান তোলে পাকিস্তান। রানআউট হন এই ওপেনার।
মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদরা শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্তে বাবর আজম শেষ আশা হয়ে ছিলেন। কিন্তু বাবর ৩৫ বলে ৫৭ রান করে আউট হলে পাকিস্তানের শেষ আশাটুকুরও সমাপ্তি হয়। পাকিস্তান শেষ ৬ উইকেট হারিয়েছে ২১ রানে। শেষ পর্যন্ত ১৮ ওভারে তারা ১৮০ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন টিম সাউদি।
এর আগে কিউইদের বড় সংগ্রহ এনে দেন কেন উইলিয়ামসন (৫৭), ড্যারিল মিচেল (৬১) ও ফিন অ্যালেনরা (৩৪)। এই তিনজনের বাইরেও যারাই উইকেটে এসেছেন তারাই রান তুলেছেন। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ২২৬ রান সংগ্রহ করে ব্ল্যাকক্যাপসরা।
পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি।










































