খুলনাঞ্চল রিপোর্ট||
ভোটের আর মাত্র তিন দিন বাকি। মঙ্গলবারও (২ জানুয়ারি) অনেক এলাকায় প্রতিপক্ষের মধ্যে হামলা-ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। প্রার্থীদের নির্বাচনী অফিসে আগুন দেওয়ার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে আহত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অনেককে। এসব অভিযোগে বিভিন্ন জায়গায় অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।
কমলনগরে পাল্টাপাল্টি হামলা-গুলি, আহত ১৯:
লক্ষ্মীপুর-৪ আসনে গভীর রাতে নৌকার কার্যালয়ে ঢুকে এক কর্মীকে মারধরের ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ ঘটনায় ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়ক উপজেলা চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষের সাতটি মোটরসাইকেল ভাঙচুর ও কমলনগর উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের কথা জানিয়েছে স্থানীয়রা। তবে পুলিশ গুলির আলামত পায়নি বলে জানিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। রাতেই ইউএনও সুচিত্র রঞ্জন দাস ও থানার ওসি মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পিসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ওসি জানান, কোনো পক্ষই এ ঘটনায় থানায় অভিযোগ দেয়নি। এসব ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে।
লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় গুলি, আহত ৫:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে লক্ষ্মছড়ি উপজেলার বর্মাছড়িতে এ ঘটনা ঘটে। হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছে। এ বিষয়ে চেষ্টা করেও ইউপিডিএফ থেকে বক্তব্য পাওয়া যায়নি।
নৌকার প্রার্থী এমপি হাইসহ ৪ জনের বিরুদ্ধে দুই মামলা:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিমসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় দুটি মামলা করেন। মামলায় অপর আসামিরা হলেন হাকিমপুর ইউনিয়ন চেয়্যারম্যান ইকু শিকদার ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।
১৪ ঘণ্টা পর জামিন পেলেন উপজেলা চেয়ারম্যান:
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগে গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান লিটনসহ ছয়জনের জামিন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জিনিয়া জাহান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
জয়পুরহাটে নৌকার ক্যাম্পে আগুন:
জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দুটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁপাড়া ও শৃগালদীঘি গ্রামে এসব ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ওসি শাহিনূর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। একটি ম্যানিব্যাগ পাওয়া গেছে। সেখানে একজনের ছবি আছে। সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছি।’ তবে এ ঘটনায় থানায় কেউ এখনও অভিযোগ দেয়নি বলে তিনি জানান।
নির্বাচনী ক্যাম্পে শিশু আহত, সংবাদ সম্মেলন:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মরদানা গ্রামে চা দিয়ে শিশুর শরীর ঝলসে যাওয়ার ঘটনায় ‘বিভ্রান্তি’ দূর করতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মরদানা গ্রামের বাসিন্দা আলাউদ্দীন আলী ফিটু লিখিত বক্তব্যে বলেন, ‘আমার নাতি মমিন আলী ২৭ ডিসেম্বর মরদানা এলাকায় একটি নির্বাচনী ক্যাম্পে চা নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে অসাবধানতাবশত আহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুটি শিশু। পরে ঘটনাটি এলাকাতেই নিষ্পত্তি হয়। একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’
বরিশালে মিছিলে হামলা, আহত ৪০, ১২টি বাইকে আগুন:
বরিশাল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা চালিয়ে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও চারটি ভাঙচুর করা হয়েছে। হামলায় অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে। স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু এই অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে জানার জন্য বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।
শ্রীপুরে গুলিবর্ষণ, দোকান ভাঙচুর :
গাজীপুরের শ্রীপুরে গুলিবর্ষণ ও একটি ফার্নিচার দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) নির্বাচনী অফিস রয়েছে। তবে গুলিবর্ষণ ও দোকানে হামলার ঘটনাটি নির্বাচনকেন্দ্রিক কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড়ে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি শাহ জামান জানান।
ইবরাহিমের নির্বাচনী ক্যাম্পে আবার আগুন, পাহারাদারকে পিটিয়ে আহত:
কক্সবাজার-১ আসনে নির্বাচনী সহিংসতা বাড়ছে। জেলার চকরিয়ায় ফের কল্যাণ পার্টির নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাহারাদারকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে জখম করার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এটি নির্বাচনী ক্যাম্প পোড়ানোর দ্বিতীয় ঘটনা।
রামগঞ্জে নৌকার ৫ সমর্থকের বিরুদ্ধে মামলা:
লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলার ঘটনায় নৌকার পাঁচ সমর্থকের বিরুদ্ধে মামলা করেছেন দরবেশপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী। মামলায় তাদের ওপর অতর্কিত হামলার অভিযোগ আনা হয়েছে।











































