মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
প্রজনন মৌসুম শুরু হওয়াতে সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সোমবার (১জানুয়ারী) থেকে সুন্দরবনে কাঁকড়া ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলেদের কাঁকড়া ধরার পাস (অনুমতিপত্র) বন্ধ রাখা হয়েছে। আগামী ২৯ফেব্রুয়ারী পর্যন্ত সুন্দরবনের পশ্চিম ও পূর্ব এই দুই বিভাগে এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করিম জানান, প্রজনন মৌসুমে কাঁকড়া রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি বছর জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাস কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ডিম পাড়ে। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই সময়কালে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া কাঁকড়ার যখন ডিম হয়, তখন কাঁকড়া ধরা খুবই সহজ হয়ে থাকে। কারণ এ সময়ে কাঁকড়া খুব ক্ষুধার্ত থাকে। এদের সামনে যে খাবার দেওয়া হয়, তাই খাওয়ার জন্য দ্রুত এগিয়ে আসে। যদি এ সময় কাঁকড়া শিকার না করা হয়, তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব। কাঁকড়ার প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।
নিষেধাজ্ঞা সামনে রেখে কয়েক দিন ধরে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরেছেন উপকূলীয় অঞ্চলের কাঁকড়া ধরার জেলেরা। তবে এই দুই মাস সংসার কিভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা কাঁকড়া ধরার জেলে মহিদুল খাঁন। তিনি বলেন, বন্ধের দিনগুলোয় তাঁদের জন্য সরকারী কোনো ভাতার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করতে হবে। বন্ধের এই সময়ে সরকারী সহায়তার দাবী তার।

সোনাইলতলা ইউনিয়নের মোঃ লিটন গাজী বলেন, তার কাঁকড়া ধরার সকল নৌকা সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে এসেছে। আর্থিকভাবে স্বচ্ছল কোনো লোক সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যাঁরা যান, তাঁরা প্রায় সবাই দরিদ্র। দুই মাস নিষেধাজ্ঞা চলাকালে এই পরিবারগুলোর চলতে কষ্ট হবে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬হাজার ১৭বর্গকিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১হাজার ৮৭৪ দশমিক ১বর্গকিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১দশমিক ১৫শতাংশ। সুন্দরবনের জলভাগে ২১০প্রজাতির সাদা মাছ, ২৪প্রজাতির চিংড়ি ও ১৪প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারী ও ফেব্রুয়ারী এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।











































