Home জাতীয় ফিরে দেখা ২০২৩: চলতি বছর মুহুর্মুহু রেকর্ড গড়েছে সোনা

ফিরে দেখা ২০২৩: চলতি বছর মুহুর্মুহু রেকর্ড গড়েছে সোনা

54

ঢাকা অফিস
চলতি বছর মুহুর্মুহু রেকর্ড গড়েছে সোনা। প্রায় প্রতি সপ্তাহেই উঠানামা করেছে সোনার দর। এ বছরই দেশে প্রথমবারের মতো সোনার দাম ভরিপ্রতি লাখ টাকা ছাড়িয়েছে। বছর শেষে দেশের ইতিহাসে সোনার দাম এখন ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, যা সর্বোচ্চ।
ব্যবসায়ীরা জানিয়েছে, চলতি বছর বিভিন্ন ভূরাজনৈতিক কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দফায় দফায় বেড়েছে। এ ছাড়া ডলারের বিনিময় হার বৃদ্ধি ও মূল্যস্ফীতির মতো কারণগুলো স্থানীয় বাজারে সোনার মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

দেশের বাজারে চলতি বছর ২৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মধ্যে ১৮ বার বাড়িয়েছে, আর ১১ বার কমিয়েছে সংস্থাটি। এর মধ্যে চলতি বছরের শুরুতে (জানুয়ারি) ভালো মানের ২২ ক্যারেটের ১ ভরি সোনার দর ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা। গত জুলাই এই রেকর্ড গড়ে লাখ টাকা ছাড়া দুঃসময়ের বন্ধু ধাতুটি। শেষদিকে (ডিসেম্বর) তা গিয়ে দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ৪১ টাকায়। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ, এর আগে এই রেকর্ড ছিল না।

এদিকে সোনার দাম দ্রুত গতিতে বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। তাদের অলংকার কেনার ভাবনায় যা বড় আঘাত হেনেছে। দিন দিন তা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়া জুয়েলারি ব্যবসায়ীদের মাঝেও সৃষ্টি হয়েছে উদ্বেগ। কারণ সোনার দর বৃদ্ধি পাওয়ায় তাদের বেচাকেনা বেশ কমে গেছে।
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে এখন হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। আর হলমার্ক করা ২১ ক্যারেট সোনা ভরিপ্রতি ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেট সোনা ৯০ হাজার ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি হচ্ছে। বছরের শেষ দিনে নতুন করে দাম না বাড়লে এগুলোই এখন পর্যন্ত বিভিন্ন ক্যারেটে সোনার সর্বোচ্চ দাম।

বাজুস সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে চলতি বছর সোনার দাম ব্যাপক ওঠা-নামা করেছে। আসছে বছরও উচ্চ চাহিদা থাকবে। স্বাভাবিকভাবেই দর বাড়তি থাকবে।

অন্যদিকে সোনার দামে উত্থানের আঁচ লেগেছে রুপার গায়েও। দীর্ঘদিন ধরে এক দরে স্থির ছিল ধাতুটি। অবশেষে চলতি মাসে রুপার দাম বেড়েছে। ভরিপ্রতি যার দাম উঠেছে ২ হাজার ১০০ টাকা। এর আগে যা ৩৮৫ টাকা কম ছিল।

২০২০ সালের আগস্টের প্রথমদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২০৭০ ডলার ছাড়িয়ে যায়। এতদিন ধরে সেটিই ছিল ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু ডিসেম্বর সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠে সোনা। আউন্সপ্রতি মূল্য স্থির হয় ২০৭২ ডলারে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) হিসাবে, ২০২৩ সালে বৈশ্বিক বাজারে সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কারণ, গত মার্চে সিলিকন ভ্যালি ব্যাংকের পতন ঘটে। তাতে বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হয়। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম ৩ থেকে ৬ শতাংশ বেড়েছে।