Home জাতীয় ২০২৩ সালে ফেসবুকে বাংলাদেশে সম্পর্কে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে রাজনীতি...

২০২৩ সালে ফেসবুকে বাংলাদেশে সম্পর্কে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে রাজনীতি নিয়ে

53

 

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

বর্তমানে তথ্য-মতপ্রকাশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে সঠিক এবং ভুয়া উভয় খবর ছড়িয়ে দিচ্ছে। ভুয়া খবরের কারণে সব শ্রেণির মানুষই কম বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তবে তুলনামূলকভাবে রাজনৈতিক দলের নেতারা বেশি অপপ্রচারের শিকার হন।

গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় একটি ফেসবুক পেজ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে লেখা একটি ভুয়া বক্তব্য প্রকাশ করা হয়। মনোনয়ন বাণিজ্য ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে লেখা ওই ভুয়া বক্তব্যটি কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ১৯টি ফেসবুক পেজ পুনরায় প্রকাশ করে। এর মধ্যে ১৮টি পেজেই হুবহু একই শিরোনাম এবং হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।

সাম্প্রতিক সময়ে প্রায়ই এ ধরনের ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বিশেষ করে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই এ ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে।

এদিকে প্রায় কাছাকাছি সময়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে জড়িয়েও একটি ভুয়া খবর ছড়ানো হয়। গ্রাফিক কার্ড আকারে ছড়ানো ওই ভুয়া খবরে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দাবি করা হয়, বিএনপির অবরোধ চলাকালে পেট্রোল ঢেলে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এটিও অল্প সময়ে মধ্যে অসংখ্য ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে।

ভুয়া খবর ও অপতথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব বলছে, চলতি বছর বাংলাদেশ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে, তার ৪৪ শতাংশই ছিল রাজনীতি নিয়ে।

এক্ষেত্রে চলতি বছরের প্রথম তিন মাসে যেখানে ৭২টি রাজনৈতিক ভুয়া খবর প্রকাশিত হয়েছিল, গত তিন মাসে সেটি তিন গুণেরও বেশি পরিমাণে বেড়ে আড়াইশ ছুঁয়েছে।

ডিসমিসল্যাবের গবেষণা বিভাগের প্রধান মিনহাজ আমান বলেন, চলতি বছরের প্রতিটি প্রান্তিকেই রাজনৈতিক অপতথ্যের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ও এই দুই দলের পক্ষে-বিপক্ষে ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছিল। তখন অবশ্য তারা দু’দলই নির্বাচনে ছিল। কিন্তু এবার বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তারপরও রাজনৈতিক ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।

ভুয়া খবর যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের পরিচালক অধ্যাপক সুমন রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে জনমতে প্রভাব বিস্তার করাই এসব কর্মকাণ্ডের লক্ষ্য। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটি মোকাবিলার অংশ হিসেবেই দলটির কর্মী-সমর্থকরা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, বিএনপির কর্মী-সমর্থকরাও ক্ষমতাসীন দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে যেন সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ না পায়। ফলে নির্বাচনকে সামনে রেখে দু’দলের পক্ষে-বিপক্ষে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে মনে করছেন অধ্যাপক সুমন রহমান।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসেবে, বাংলাদেশে বর্তমানে ১৩ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, যাদের একটি বড় অংশই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহার করেন।

দেশে ঠিক কতজন ফেসবুক ব্যবহার করেন, সে ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি এর মালিকানা প্রতিষ্ঠান মেটা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটের এক হিসেবে দেখা যাচ্ছে, বাংলাদেশে সাড়ে চার কোটিরও বেশি মানুষ ফেসবুকে যুক্ত আছেন। ফলে বিপুল সংখ্যক এই মানুষকে নিজেদের পক্ষে আনতে সামাজিক যোগাযোগের মাধ্যমকেই বেছে নিচ্ছে রাজনৈতিক দল ও তাদের কর্মী-সমর্থকরা।

যে ধরনের ভুয়া খবর ছড়ানো হচ্ছে

চলতি বছর বাংলাদেশে যেসব বিষয়ে ভুয়া খবর ও অপতথ্য ছেড়ানো হয়েছে, সেগুলোর বেশিরভাগই ছিল- তত্ত্বাবধায়ক সরকার, মার্কিন ভিসানীতি ও নিষেধাজ্ঞা, বিএনপির আন্দোলন, আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদত্যাগ, নেতাদের মৃত্যু, হরতাল-অবরোধ এবং সংঘর্ষ নিয়ে।

এর মধ্যে বছরের শুরু থেকেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেশ আলোচনা থাকায় এ বিষয়ে ভুয়া খবরেও ছড়িয়েছে বেশি। ভুয়া খবরগুলোর মধ্যে ছিল ‘যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছেন এবং সেনাবাহিনী বা বাংলাদেশের রাষ্ট্রপতি সেই সরকার ব্যবস্থার অনুমোদন দিয়েছেন’।

এরপর সেপ্টেম্বরে এসে অপতথ্যের নতুন ক্ষেত্র হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও নিষেধাজ্ঞা। এসময় ভিসা নিষেধাজ্ঞার নানা রকম ভুয়া তালিকা সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। একপক্ষের তালিকায় প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও উপদেষ্টা, সরকার সমর্থক আমলা ও বুদ্ধিজীবীরা ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন বলে দাবি করা হয়। অপর পক্ষের তালিকায় মার্কিন রাষ্ট্রদূতের ভুয়া বক্তব্য প্রচার করে দাবি করা হয় যে, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অনেক শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

এই সময়ে মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ-সহ আধ ডজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর খবরও ছড়াতে দেখা যায়।

গত অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একটি ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। এছাড়া বছরব্যাপী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির নারী নেত্রীদের নিয়ে বেশকিছু অপতথ্য ছড়ানো হয়েছে। এসব ভুয়া খবর ও অপতথ্যের বেশিরভাগই ছড়িয়েছে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

যেভাবে ছড়ানো হচ্ছে

বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর ওয়েবসাইটের নকশা নকল করে হুবহু আরেকটি ওয়েবসাইট তৈরি করে ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছিল। তখন ফেসবুকে লিখিত পোস্টেরও মাধ্যমেও বিভ্রান্তি ছড়ানো হয়েছিল।

কিন্তু এবার সেগুলোর কোনটিই দেখা যাচ্ছে না। তার বদলে ছবি, গ্রাফিক্সকার্ড এবং ভিডিওর মাধ্যমে সুকৌশলে ভুয়া খবর ও অপতথ্য ছড়ানো হচ্ছে। ছবি বা গ্রাফিক্সকার্ডের মাধ্যমে ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে সেগুলোতে মূলধারার গণমাধ্যমগুলোর নাম এবং লোগা ব্যবহার করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ সহজেই এগুলো দেখে বিভ্রান্ত হচ্ছে। ভুয়া ভিডিওর ক্ষেত্রে চটকদার শিরোনাম এবং ‘থাম্বনেল’ ব্যবহার করা হচ্ছে যাতে দর্শকরা সেটি দেখার আগ্রহ পায়।

এছাড়া এনিমেশন এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভিডিও তৈরি ঘটনাও এবার দেখা যাচ্ছে। বিভিন্ন আইডি, পেজ এবং গ্রুপের মাধ্যমে এগুলো দ্রুততার সাথে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। এটি করার জন্য অনেকক্ষেত্রে “সংঘবদ্ধ” প্রচেষ্টাও দেখা যাচ্ছে।

এক্ষেত্রে ব্যক্তির নিজের খোলা আইডি যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি কম্পিউটারে সৃষ্ট ভুয়া প্রোফাইল বা বটের ব্যবহারও দেখা যাচ্ছে। সাধারণ মানুষকে ভুয়া খবরের ফাঁদে ফেলার আরেকটি কৌশল হচ্ছে সুন্দরী নারীর নামে ফেসবুক আইডি বা পেজ খোলা।

এ ধরনের আইডি বা পেজ খোলার পর প্রথমে আকর্ষণীয় ছবি ও ভিডিও পোস্ট করে ফ্যান-ফলোয়ার বাড়ানো। এরপর সুযোগ বুঝে বিভিন্ন ইস্যুতে ভুয়া খবর বা অপতথ্য ছড়ানো হয়। এ ধরনের পেজ বা আইডিগুলো অনেকটা বটের মতো কাজ করে। তাছাড়া এসব পেজ বা আইডিতে ব্যবহারকারী সম্পর্কে বিস্তারিত তথ্যও পাওয়া যায় না।

নকল ফটোকার্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়ানোর নতুন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে গণমাধ্যমের নামে বানানো নকল ফটোকার্ড। একটি সংবাদকে সহজে এবং আকর্ষণীয় পন্থায় পাঠকের কাছে তুলে ধরার উদ্দেশ্যে গত কয়েক বছর ধরেই ফটোকার্ড ব্যবহার করছে মূলধারার গণমাধ্যমগুলো।

সাধারণত বড় কোন রাজনৈতিক নেতার বক্তব্য বা উদ্বৃতির তুলে ধরার জন্যই এটি ব্যবহার হয়ে থাকে। পাশাপাশি পোস্টের কমেন্ট বিভাগে পুরো খবরের লিংক দেওয়া হয়। এক্ষেত্রে গণমাধ্যম ভেদে ভিন্ন ভিন্ন নকশার ফটোকার্ড দেখা যায়, যেখানে তাদের নাম এবং লোগোও থাকে। ফেসবুকে এ ধরনের ফটোকার্ড বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে অপতথ্য প্রচারকারীরা।

ভুয়া খবর যাচাইকারী গবেষণা প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের হিসেবে, গত জুন মাসের পর ভুয়া তথ্য ছড়ানোর কৌশল হিসেবে গ্রাফিক্সের ব্যবহার প্রায় ৪২ শতাংশ বেড়েছে।

আক্রমণের লক্ষ্য এখন নারী

রাজনীতির সাথে জড়িত বা রাজনৈতিক পরিবারের নারী সদস্যদের হেয় করে অপতথ্য ও ভুয়া খবর ছড়ানোর প্রবণতা সাম্প্রতিক সময়ে বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি এ ধরনের ভুয়া খবরের শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকের লোগো ব্যবহার করে মিজ ফারহানার বিরুদ্ধে এই বলে ভুয়া খবর ছড়ানো হয়েছে যে, তিনি মানসিক রোগে ভুগছেন।

একইভাবে কয়েক মাস আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামেও একটি ভুয়া খবর ছড়ানো হয়েছিল এই বলে যে, তিনি মারা গেছেন।

উদ্বেগ কোথায়?

নির্বাচনকে সামনে রেখে এবার যে ধরনের ভুয়া তথ্য ছড়ানো প্রবণতা দেখা যাচ্ছে এবং যে কৌশলে সেগুলো ছড়ানো হচ্ছে, সেটি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। ডিসমিসল্যাবের গবেষণা বিভাগের প্রধান মিনহাজ আমান বলেন, ভুয়া বা বিভ্রান্তিকর খবর ছড়ানোর ক্ষেত্রে এবার যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে নারীদেরকে যেভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, সেটি ভীষণ উদ্বেগের।

এদিকে, গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর যে কৌশল এবার দেখা যাচ্ছে, সেটি মাধ্যমের বিশ্বাসযোগ্যতা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে বলে মনে করছেন ভুয়া খবর যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের পরিচালক অধ্যাপক সুমন রহমান।