Home আঞ্চলিক খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মধুর বিরুদ্ধে প্রতারণার মামলা

খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মধুর বিরুদ্ধে প্রতারণার মামলা

47

স্টাফ রিপোর্টার।।
খুলনা-৬ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টি খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধুর বিরুদ্ধে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে প্রতারণার মামলা হয়েছে। গত ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলাটি করেন চট্টগ্রামের মোল্লা ট্রান্সপোর্ট ও এন্ড ট্রেডিংসের স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম। সম্প্রতি মামলার বাদী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এই মামলায় অপর আসামী শফিকুল ইসলাম মধুর জামাতা আশিক হাসান রাতুল। চট্টগ্রামের ওই প্রতিষ্ঠান থেকে লোহার রড কিনে দীর্ঘ ৮ মাসেও পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে শফিকুল ইসলাম মধুর বিপক্ষে। এর আগে একই অভিযোগে এই দু’জনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছিল। উকিল নোটিশ গ্রহণ না করায় পরবর্তীতে একটি জাতীয় পত্রিকায় উকিল নোটিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর জাহিদুল ইসলাম গত ১৯ ডিসেম্বর চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, শফিকুল ইসলাম মধুর মালিকানাধীন ‘মধু ট্রেডার্স’ এবং তার জামাতা রাতুলের মালিকানাধীন ‘এম এ হাসান অ্যান্ড কোং লিমিটেড’ এর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের লৌহজাত পণ্য সরবরাহকারী জাহিদুল ইসলামের ব্যবসায়ীক সম্পর্ক আছে। এরই সূত্র ধরে চলতি বছরের ৪ এপ্রিল খুলনার দৌলতপুরের শেখপাড়ার এম এ হাসান অ্যান্ড কোং লিমিটেডের ঠিকানায় ১৪ টন রড নেন রাতুল। এরপর ১৫ এপ্রিল খুলনার সোনাডাঙ্গার মধু ট্রেডার্সের ঠিকানায় আরও ১৪ টন রড নেন শফিকুল ইসলাম মধু।
এরমধ্যে মধুর রডের দাম আসে ১২ লাখ ৯৫ হাজার টাকা। মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। আর ১২ লাখ ৬৫ হাজার টাকা বাকি রাখেন। প্রতিশ্রুতি দেন, পরবর্তী এক মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু ঘটনার আট মাস পার হলেও সেই টাকা দিচ্ছেন না বলে মামলায় অভিযোগ করেন জাহিদুল ইসলাম। একপর্যায়ে টাকা দেয়ার কথা অস্বীকার করেন মামলার দুই অভিযুক্ত।
এ বিষয়ে মামলার বাদী জাহিদুল ইসলাম বলেন, ‘সফিকুল ইসলাম মধুর রাজনৈতিক পরিচয় আমি জানতাম না। তার জামাইয়ের সঙ্গে পরিচয় ছিল। সেই সূত্রে বিশ্বাস করে ব্যবসার জন্য তাকে বাকিতে লোহার রড দেই। কিন্তু এরা আমার টাকা না দিয়ে বরং আমাকে হুমকি দিচ্ছে। মধু সাহেব ১২ লাখ ৯৫ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা প্রদান করেছে। তার জামাতার কাছেও একইভাবে রড বিক্রি করে ১৩ লাখ টাকা পাওনা আছে। তার জামাতা আমাকে চেক প্রদান করলেও সেই অ্যাকাউন্টে গত আট মাস ধরে কোনো টাকা নেই। তার জামাতার বিরুদ্ধে আলাদা চেক ডিজ অনার মামলা করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

মামলাটি পিবিআইতে তদন্ত দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার শফিকুল ইসলাম মধুকে ফোন করা হলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।