স্টাফ রিপোর্টার
খুলনার ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত ৫ প্রার্থীসহ ১২ জন নির্বাচনী ব্যয় নির্বাহ করছেন নিজের আয়ের টাকায়। আর ২০ জন প্রার্থী নির্বাচনী ব্যয়ের বেশিরভাগ মেটাচ্ছেন আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে পাওয়া ধার ও দানের টাকায়। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ফরম-২০ এ ‘নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণীতে এসব তথ্য উল্লেখ করেছেন প্রার্থীরা।
খুলনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল নিজের আয় থেকে এবারের নির্বাচনে ব্যয় করছেন ২৫ লাখ টাকা। খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল ব্যয় করছেন নিজের গচ্ছিত ২৫ লাখ টাকা। এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমানের নির্বাচনী ব্যয় মাত্র ১ লাখ টাকা। নিজের গচ্ছিত টাকা থেকে তা ব্যয় করবেন তিনি।
খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন নিজের ব্যবসা থেকে ২৪ লাখ ৫৭ হাজার ৯০ টাকা ব্যয় করছেন। খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নিজের ব্যবসার আয় থেকে নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করছেন। এ আসনে বিএনএম’র প্রার্থী এস এম আজমল হোসেন আইন পেশা ও সঞ্চয় থেকে ব্যয় করছেন ২৫ লাখ টাকা।
খুলনা-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মনিরা সুলতানা নিজের ব্যবসার আয় থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করছেন। কারও কাছ থেকে ধার বা দান নেবেন না। এ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা নিজের ব্যবসার আয় থেকে ৬ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে। একই আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী রিয়াজ উদ্দিন খান নিজের ব্যবসার আয় থেকে ৩০ লাখ টাকা টাকা ব্যয় করছেন।
খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ নিজের জমানো ২৫ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে। খুলনা-৬ আসনে বিএনএম’র প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ আইন পেশা থেকে অজির্ত ২৫ লাখ টাকা ব্যয় করছেন। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু নিজের ব্যবসার আয় থেকে সাড়ে ২২ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে।
তবে খুলনা-১ আসনে তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক আইন পেশা থেকে আয় করা ৩ লাখ টাকা ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীদের অনুদানের ৭ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে। এ আসনে জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ নিজের ব্যবসা থেকে ৩ লাখ টাকা, চাচা ও বোনের দানের ২০ লাখ টাকা ব্যয় করছেন।
খুলনা-২ আসনের বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন নিজের ব্যবসা থেকে ৪৫ হাজার টাকা, ধার ও দানের সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করছেন এবারের নির্বাচনে। এ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় নিজের আয় থেকে ১০ লাখ টাকা, ধার ও দানের ৬ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় করছেন। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী দেবদাস সরকার নিজের গচ্ছিত ৩ লাখ টাকা ও দানের ৭ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে। জাতীয় পার্টির প্রার্থী মো. গাউসুল আজম নিজের শিক্ষকতা পেশার আয় থেকে ৫ লাখ টাকা, ধার ও দানের ১৫ লাখ টাকা ব্যয় করছেন।
খুলনা-৩ আসনে জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন নিজের ব্যবসা থেকে ২ লাখ টাকা ও দানের ১০ লাখ টাকা ব্যয় করছেন। জাকের পার্টির এস এম সাব্বির হোসেন নিজের ব্যবসা থেকে ৮০ হাজার টাকা, ধার ও দানের ২ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় করছেন নির্বাচনে। খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ব্যয় করছেন নিজের ব্যবসার আয় থেকে ১০ লাখ টাকা এবং ধার ও দানের ১৫ লাখ ৬০ হাজার টাকা।
খুলনা-৪ আসনে জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ নিজের আয় থেকে ২ লাখ ৮০ হাজার টাকা এবং ধার ও দানের ২২ লাখ টাকা ব্যয় করছেন। তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান নিজের আয়ের ১৫ লাখ এবং ধার ও দানের ১০ লাখ টাকা ব্যয় করছেন। স্বতন্ত্র প্রার্থী ও স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজভী আলম নিজের ব্যবসা থেকে ১০ লাখ এবং ধার ও দানের ১৫ লাখ টাকা ব্যয় করছেন। স্বতন্ত্র প্রার্থী এম ডি এহসানুল হক নিজের ব্যবসা থেকে মাত্র ৫০ হাজার টাকা এবং ধার ও দানের ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয় করছেন নির্বাচনে।
খুলনা-৫ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার নিজের সঞ্চিত ৪ লাখ টাকা এবং ধার ও দানের ৬ লাখ টাকা ব্যয় করছেন। জাতীয় পার্টির মো. শাহীদ আলম নিজের ব্যবসা থেকে ১ লাখ এবং ধার ও দানের ৫ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে।
খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল কৃষি ও ব্যবসা থেকে ২ লাখ টাকা; ২ ভাই, ৩ ভাইপো ও শ্যালকের কাছ থেকে দানের সাড়ে ১৫ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে। স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী জি এম মাহবুবুল আলম নিজের ব্যবসা থেকে ৭ লাখ এবং ধার ও দানের ১৭ লাখ টাকা ব্যয় করছেন নির্বাচনে।
খুলনা-৬ আসনে বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম নিজের ব্যবসা থেকে ৩ লাখ এবং ধার ও দানের ৯ লাখ টাকা ব্যয় করছেন। তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান নিজের ব্যবসা থেকে ৮ লাখ, ভাইয়ের কাছ থেকে ধারের ১২ লাখ টাকা ব্যয় করছেন। এনপিপি’র মো. আবু সুফিয়ান নিজের এক টাকাও ব্যয় করবেন না। তিনি ধার ও দানের ১৪ লাখ টাকা ব্যয় করবেন নির্বাচনে।
তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সম্ভাব্য ব্যয়ের তথ্য পাওয়া যায়নি খুলনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ড. প্রশান্ত কুমার রায়, খুলনা-৪ আসনে এনপিপি’র মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা ও খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের।
নির্বাচনের ব্যয়ের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।











































