Home আলোচিত সংবাদ খুলনা-৬ আসনে ‘ঈগল’ নিয়ে দুশ্চিন্তায় নৌকার অনুসারীরা

খুলনা-৬ আসনে ‘ঈগল’ নিয়ে দুশ্চিন্তায় নৌকার অনুসারীরা

59

স্টাফ রিপোর্টার
তেমন কোনো চেষ্টা না করেও খুলনা-৬ আসনে নৌকা প্রতীক পেয়েছেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রশীদুজ্জামান মোড়ল। বিএনপিসহ বড় কয়েকটি দল নির্বাচনে না আসার সিদ্ধান্তে অনেকটাই নির্ভার ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও তার অনুসারীরা। কিন্তু তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলম। মনোনয়ন লাভের আশায় গত প্রায় ৫ বছর ধরে নির্বাচনী এলাকায় তৎপর ছিলেন মাহবুব। ফলে ‘ঈগল’ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে নৌকার অনুসারীদের মধ্যে।
সুন্দরবন সংলগ্ন কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসনে মনোনয়ন লাভের আশায় গত ৫ বছর ধরে তৎপরতা চালিয়েছিলেন কমপক্ষে ৮ জন প্রার্থী। তবে আওয়ামী লীগ নেতা মো. রশীদুজ্জামানের কোনো তৎপরতাই ছিল না। তিনি মনোনয়ন পাওয়ায় বিস্মিত হন দুই উপজেলার সকলেই।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, তারা ভেবেছিলেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল নির্বাচনে প্রার্থী না দেয়ায় নৌকার প্রার্থী সহজেই নির্বাচনী বৈতরণি পার হতে পারবেন। কিন্তু আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম প্রার্থী হওয়ায় দৃশ্যপট পাল্টে গেছে।

এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন। রশীদুজ্জামান ও মাহবুব ছাড়া অন্য ৫ প্রার্থী হলেন- বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, এনপিপি’র মো. আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ও জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু। জাতীয় পার্টির মধু ভেবেছিলেন এবার আসনটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবে। কিন্তু সেই আশার গুড়ে বালি পড়েছে। সেই ক্ষোভে প্রচারণায় নামেননি তিনি। অন্য ৪ প্রার্থীও নেই ভোটের প্রচারণায়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, মাহবুব মনোনয়ন লাভের আশায় গত ৫ বছর ধরে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়িয়েছেন। আগে থেকেই তার নির্বাচনী প্রস্তুতি রয়েছে। রশীদুজ্জামান ১৯৯১ সালে সিপিবির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে তিনি মনোনয়নের দৌড়ে ছিলেন না।

২ প্রার্থীই মোটামুটিভাবে ক্লিন ইমেজের অধিকারী। স্বতন্ত্র প্রার্থী মাহবুব বিত্তশালী ও নৌকার প্রার্থী রশীদ গরীব প্রার্থী হিসেবেই এলাকায় পরিচিত। এ আসনে শেষ পর্যন্ত তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।
তাদের ২ জনের পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকা প্রতীকের পক্ষে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসীন রেজা, সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, পাইকগাছা উপজেলা সভাপতি আনোয়ারুল ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু মাঠে রয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মাহবুবের পক্ষে রয়েছেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. ফজলুল হক, সহ-সভাপতি আবদুস সাত্তার পাড়, সহ-সভাপতি গাজী আজিজুল হক, আমাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর ঢালী।

এ ব্যাপারে জি এম মাহবুবুল ইসলাম বলেন, দল থেকে স্বতন্ত্র প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছে। দলের নির্দেশনায় প্রার্থী হয়েছি। ফলে দলের অনেক নেতাকর্মী আমার পক্ষে কাজ করছেন। এ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।

নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল বলেন, পাইকগাছা উপজেলায় দলের সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করছে, অন্য প্রার্থীর পক্ষে কেউ নেই। কয়রায় মাহবুবের পক্ষে তার ব্যক্তিগত কিছু অনুসারী কাজ করছে। তিনি বলেন, শেষ মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ নৌকা প্রতীকের বাইরে যাবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।