ঢাকা অফিস।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় তিন পর্বের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগের কয়েক দিন, ভোটের দিন ও ভোটের পরের কয়েক দিন- এই তিন পর্বে সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ভোটের দিন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ এলাকায় ১৫ থেকে ১৬ নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। দুর্গম অঞ্চল, মহানগর ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবেন ১৬ থেকে ১৭ জন। কেন্দ্রের নিরাপত্তায় তারা পাঁচ দিন দায়িত্ব পালন করবেন। বিশেষ নিরাপত্তায় ২৯ ডিসেম্বর ১৩ দিনের জন্য মাঠে নামবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী তারা ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছেন। সে ক্ষেত্রে ভোটের আগের কয়েক দিন তারা প্রার্থী ও তাদের সমর্থকদের সহিংসতা প্রতিরোধে জোর দেবেন। ভোটের দিন নির্বাচন কর্মকর্তা, ব্যালট বাক্স, ভোটের সরঞ্জাম ও ভোট কেন্দ্র ঘিরে থাকবে নিরাপত্তা ছক। ভোটের পরের পরিকল্পনায় থাকছে প্রার্থীদের মধ্যে সংঘাত-সহিংসতা প্রতিরোধ করা।
পুলিশ সদরদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) অপারেশন্স আনোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনের আগে-পরে ভোটকেন্দ্রে পাঁচ দিন নিরাপত্তা থাকবে। আমাদের নিয়মিত পেট্রোল ডিউটি তো থাকছেই। নির্বাচনের পর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত-সহিংসতা হলে সেটি প্রতিরোধের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ফাঁক রাখছি না।’
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, প্রতি ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর ১৫ থেকে ১৭ সদস্য নিয়োজিত থাকবেন। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। ভোটের আগে-পরের ১৩ দিন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনী ‘মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে। আনসার ব্যাটালিয়ন সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে ভ্রাম্যমাণ দলে দায়িত্ব পালন করবে। আনসার-ভিডিপিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা সদস্যরা ভোটের আগের দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচ দিন নিয়োজিত থাকবে।
পরিপত্রে বলা হয়, আগামী ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচল করতে পারবে না। ৯ জানুয়ারি পর্যন্ত কেউ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না। কেবল জরুরি প্রয়োজনীয় বাহন ও নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি পাওয়া যান চলাচল করতে পারবে। ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা ও পরের ৪৮ ঘণ্টা মিছিল-মিটিং ও শোভাযাত্রা করা যাবে না।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জানা গেছে, পুলিশ, আনসার-ভিডিপিসহ ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটগ্রহণের আগের দুদিন, ভোটগ্রহণের দিন, ভোটগ্রহণের পরে একদিন এবং যাতায়াত ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজের জন্য একদিনসহ মোট পাঁচ দিনের জন্য নিয়োজিত থাকবে। মেট্রোপলিটন এলাকার সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অঙ্গীভূত আনসার ১২ জন থাকবে, আর গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৪ জন অস্ত্রসহ পুলিশ ও অঙ্গীভূত আনসার থাকবে ১২ জন। বিশেষ এলাকার ভোটকেন্দ্রে (পার্বত্য ও দুর্গম এলাকায়) অস্ত্রসহ পুলিশ ২ জন, অঙ্গীভূত আনসার ১২ জন থাকবে, আর গুরুত্বপূর্ণ এসব ভোট কেন্দ্রে অস্ত্রসহ ৩ পুলিশ ও অঙ্গীভূত আনসার ১২ জন ও গ্রাম পুলিশ থাকবে ২ জন।











































