Home খেলাধুলা ভারত সিরিজ শেষে অবসরে যাচ্ছেন ডিন এলগার

ভারত সিরিজ শেষে অবসরে যাচ্ছেন ডিন এলগার

32

 

স্পোর্টস ডেস্ক।।

প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিন এলগার। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ৩ জানুয়ারি কেপটাউনে দ্বিতীয় টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ক্রিকইনফো জানিয়েছে, সাদা পোশাকে প্রোটিয়াদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নেই এলগার। সে কথা তাকে জানিয়ে দিয়েছেন কোচ শুকরি কনরাড। ৩৬ বছর বয়সী এলগার তাই বিদায়ের সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

 

অবসর নেওয়ার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে এলগার বলেছেন, ‘ক্রিকেট খেলা সব সময়ই আমার স্বপ্ন ছিল, দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। আন্তর্জাতিক অঙ্গনে আমি ১২ বছর ধরে সেটি করতে পারবো কখনো ভাবিনি। দুর্দান্ত এক সফর ছিল, যার অংশ হতে পেরে আমি ভাগ্যবান।’

এলগার আরও বলেন, ‘আপাতত নিজের শেষটা উপভোগ করতে চাই। সব কিছুরই শেষ আছে। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজই আমার শেষ। সুন্দর এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। কেপটাউন টেস্টই আমার শেষ, যেটি বিশ্বে আমার সবচেয়ে প্রিয় ভেন্যু। এখানে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে আমার প্রথম রান করেছিলাম। আশা করি শেষটিও করব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৪টি টেস্ট খেলেছেন এলগার। এখন পর্যন্ত ৩৭.২৮ গড়ে ৫১৪৬ রান করেছেন, আছে ১৩টি শতক ও ২৩টি অর্ধশতক। এখন পর্যন্ত তার ক্যারিয়ার সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংসটি ছিল ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্ব দেন এলগার।