স্পোর্টস ডেস্ক।।
হতাশায় কেটেছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ। তিন ম্যাচের প্রথম দুই ম্যাচে হেরে হাতছাড়া হয়েছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
এখন অবধি কিউইদের মাটিতে টানা ছয়টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শনিবার সকালে এবারের সিরিজের শেষ ম্যাচ হারলে সংখ্যাটা দাঁড়াবে সাতে। সেটি যেন না হয়, তার জন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার নেপিয়ারে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়।’
দুই ম্যাচ হারার পেছনে বাংলাদেশ অধিনায়ক দায়ী করছেন দলের পরিকল্পনার অভাব ও খেলোয়াড়দের ব্যর্থতা।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল। সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। আগের ম্যাচে সৌম্য একা ভালো করেছে। এর আগে-পরে কেউই ওভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। সামনের ম্যাচে আমরা যেন একটা দল হয়ে খেলতে পারি, সেদিকে খেয়াল রাখব।’
অন্য এক প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘আগের দলগুলোর চেয়ে এই দল একটু নতুন। সে হিসেবে ভালো কিছু জিনিস ছিল, যেমন শরিফুল-রিশাদের বোলিং। ২০০৭ থেকে এখন পর্যন্ত চিন্তা করলে অবশ্যই লম্বা সময়। আমরা দল হিসেবে আরও ভালো কীভাবে খেলতে পারি, এটা জরুরি। ব্যক্তিগত কিছু ভালো পারফরম্যান্স হচ্ছে। বড় পার্টনারশিপ দরকার, এটাই কাল করার চেষ্টা করব।’
দুই ম্যাচ হেরেও এখান থেকে নেতিবাচক কিছু না খুঁজে ইতিবাচক দিক খুঁজতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। যেমন সৌম্যর সেঞ্চুরি, শরিফুল ও রিশাদের বোলিং।
হতাশার মধ্যে এই অর্জনগুলোকেও মনে করিয়ে দিয়ে শান্ত বলেন, ‘প্রথম ম্যাচে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও অনেক ইতিবাচক দিক ছিল। শুধু নেতিবাচক দিক চিন্তা না করে এ বছর কোন কোন জায়গায় ভালো করলাম, এটা দেখা দরকার। আমার মনে হয় রিশাদের বোলিং স্পেল খুব দারুণ ছিল। সৌম্যর কামব্যাক অসাধারণ ছিল। শরীফুলের নতুন বলের বোলিং ভালো ছিল। আমার মনে হয় বেশ কিছু জায়গায় উন্নতি হয়েছে। আরও বেশি দল হয়ে খেললে ভালো করা সম্ভব।’











































