স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে টি-২০ নেতৃত্বে ফিরতে চেয়েছিলেন কেন উইলিয়ামসন। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নাম ছিল দীর্ঘদেহী পেসার কাইল জেমিনসনেরও। কিন্তু নিজেদের ফিট ও ঝুঁকি মুক্ত রাখতে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা।
গত বছরের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। ওই ইনজুরি থেকে বিশ্বকাপের মাঝে মাঠে ফেরেন তিনি। পরে আবার ইনজুরিতে পড়েন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে কিউইদের।
ওই দুই সিরিজে তাদের ফিট রাখতেই কিউই ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে ব্ল্যাক ক্যাপসদের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন এবং কাইলকে সম্ভব্য সেরা অবস্থানে চাই। সেজন্য মেডিকেল স্টাফের সঙ্গে কথা বলে তাদের বিশ্রামে রাখা সেরা সিদ্ধান্ত মনে হয়েছে।’
তাদের জায়গায় রচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে মূল দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। কোচ স্টিড বলেছেন, ‘জ্যাকব অভিজ্ঞ ক্রিকেটার। রচিন শিখতে উন্মুখ। তারা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
নিউজিল্যান্ডের টি-২০ দল: মিশেল স্যান্টনার, ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, এডাম মিলনে, ড্যারেল মিশেল, জেমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ শোধি ও টিম সাউদি।











































