Home আঞ্চলিক পুলিশের সাঁড়াশী অভিযানে লুন্ঠিত নগদ টাকা-স্বার্ণালঙ্কার ও দেশীয় অস্ত্র উদ্ধার

পুলিশের সাঁড়াশী অভিযানে লুন্ঠিত নগদ টাকা-স্বার্ণালঙ্কার ও দেশীয় অস্ত্র উদ্ধার

42
ব্যবসায়ী পল্টু’র বাড়ী ডাকাতির ঘটনায় চার আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন



ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি:


খানজাহান আলী থানা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান পল্টুর বাড়ীতে ২ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনার ব্যবসায়ী পল্টু বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছেন(মামলা নং- ১,তাং ৩/৭/২০)। ডাকাতির ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে টিম কেএমপি উত্তরের সাঁড়াশী অভিযানে লুন্ঠিত নগদ টাকা-স্বর্ণালঙ্কারের আংশিক ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। খানজাহান আলী-দৌলতপুর এবং সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত একাধিক মামলার আসামী রাজিব সরদার(২৪), মো. ইউসুফ আকন(৩৬), মো. রুবেল শেখ(১৯) এবং মো. রাসেল শেখ(২৩)কে পুলিশ গ্রেফতার করেছে। বাকি টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার এবং ঘটনার সাথে কারা জড়িত রহস্য উৎঘাটনে আটককৃতদেরকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান পল্টুর যোগিপোলের বাড়ীতে ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে। টিম কেএমপি উত্তর বিভাগের টিম লিডার ডিসি মোল্যা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর(এডিসি) সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন বায়জিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বিধান চন্দ্র সানা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাঁড়াশী অভিযানে অতি অল্প সময়ের মধ্যে আংশিক টাকা. স্বর্ণালঙ্কার উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১৯ হাজার টাকা, ১ভরী ৩ আনা সোনা এবং ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাকু ও সেলাই রেঞ্জ উদ্ধার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, খানজাহান আলী, দৌলতপুর এবং সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত মূলহোতা রাজিব সরদার তার সহযোগী রুবেল শেখ, রাসেল শেখ এবং ইউসুফ আকন কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত স্বীকার করেছে। অভিযানে আসামী রাসেল শেখের ঘর থেকে নগদ ১৮ হাজার টাকা এবং ১ ভরী ৩ আনা সোনা উদ্ধার করা হয়। আসামী ইউসুফ আকনের ভাগের ৪০ হাজার টাকা থেকে ৮শ ৮০ টাকা তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। রাজিব সরদার তার ভাগের টাকা সহকারীদেরকে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানায়। ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাকু এবং সেলাই রেঞ্জ রাজিবের বাড়ীর পাশের বাঁশ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। রাজিব জিজ্ঞাসাবাদে জানিয়েছে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র ছিলনা ওটা ছিল সেলাই রেঞ্জ। বাকি টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে ৭দিনে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।