Home জাতীয় ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাজারে মারা যায় ৩১ জন

৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাজারে মারা যায় ৩১ জন

32

ঢাকা অফিস
৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাজারে ৩১ শিশু মারা যায়। আর এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাজারে মারা যায় ২৫ শিশু। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনে ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টির ওপর আয়োজিত এক মিডিয়া ডায়ালগে উপস্থাপিত নিবন্ধে এসব তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) ও রাইট টুগ্রো কনসোর্টিয়াম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে৷ এতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে শিশুপুষ্টি খাতে বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থাপিত নিবন্ধে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে-২০২২ (বিডিএইচএস) এর তথ্য তুলে ধরে জানানো হয়, ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হাজারে ২৪ শিশু খর্বকায় আর ১১ শিশু কৃশকায়। এই সমস্যাগুলোর অন্যতম কারণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে শিশুপুষ্টির জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ না থাকা।

আলোচনায় বক্তারা বলেন, একটি উন্নত মেধাসম্পন্ন স্বাস্থ্যবান জাতি গড়ার প্রাথমিক পূর্বশর্তই হলো শিশুদের জন্য সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। এসডিজি ২ অর্জনে এবং জাতীয় লক্ষ্য পূরণেও শিশুদের সঠিক পুষ্টির ব্যবস্থা করার বিশেষত সরকারের একটি অগ্রাধিকার ভিত্তিক দায়িত্ব থাকলেও বিষয়টি বাস্তবায়নে অগ্রগতি সামান্য।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন রাইটটুগ্রো কনসর্টিয়ামের কান্ট্রি স্টিয়ারিং কমিটির সভাপতি ও ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইমাম মাহমুদ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সহসভাপতি আরমা দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নির্বাহী সম্পাদক শ্যামল দত্ত। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন মো. মাহাবুবুল হক আয়োজনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ম্যাক্স ফাউন্ডেশনের কমিউনিকেশন ও ডকুমেন্টেশন বিশেষজ্ঞ সজল কোরায়শী ও কার্যপত্র পাঠ করেন বিএসএএফের সমন্বয়কারী সাফিয়া সামি।

আরমা দত্ত বলেন, পুষ্টি শিশুর অধিকার। নির্বাচনী ইশতেহারে শিশুপুষ্টির বিষয়টি যুক্ত করতে হবে। শুধু প্রতিশ্রুতি দিলেই চলবে না। তা বাস্তবায়ন করতে হবে।

শ্যামল দত্ত বলেন, শিশুপুষ্টির সঙ্গে মায়ের স্বাস্থ্যগত বিষয়টিও দেখতে হবে। মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত না হলে সুস্থ সন্তানের আশা করা যাবে না।

বিএসএএফ ও রাইট টু গ্রো কনসোর্টিয়াম সম্মিলিতভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিশু অধিকার, বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি মোকাবিলায় বাজেট বরাদ্দের জন্য প্রচারাভিযানে কাজ করছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করাই এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য।

রাইটটুগ্রো একটি অ্যাডভোকেসি কর্মসূচি, যা ছয়টি আন্তর্জাতিক সংস্থার কনসোর্টিয়ামের মাধ্যমে ছয়টি দেশে পরিচালিত হচ্ছে। প্রত্যেক শিশুর পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড় ওঠা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২১ সাল থেকে বাংলাদেশে রাইটটুগ্রো কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) সমগ্র বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন ৩০০টি সংগঠনের সমন্বয়ে জাতীয় পর্যায়ের নেটওয়ার্ক হিসেবে ১৯৮৯ সাল থেকে সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক পর্যায়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে।