Home বিনোদন ‘গতানুগতিক কাজ আমাকে টানে না’

‘গতানুগতিক কাজ আমাকে টানে না’

34

বিনোদন ডেস্ক।।
চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। গত দুই বছরে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে নতুন নাটকের কাজ নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। তবে গল্প কিংবা চরিত্রের ক্ষেত্রে ছাড় দিতে রাজি নন তিনি। এ কারণে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল সে নাটকটি করছেন তিনি। মাহি বলেন, গতানুগতিক কাজ আমাকে টানে না। আলাদা গল্প ও চরিত্রে চ্যালেঞ্জ থাকে। তাছাড়া দর্শকও একই চরিত্রে দেখতে দেখতে বোরিং হয়ে যান। তাই নিজেকে নানান চরিত্রে দেখতে চাই। সে লক্ষ্য নিয়েই কাজ করে চলেছি।

এদিকে মাহির ২০২৩ সালটি বেশ ভালো গেছে। এ বছর বেশকিছু মনের মতো নাটকে কাজ করেছেন তিনি, যা দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। বছরের শেষে এসেও তাই নিজের ও দর্শকদের পছন্দের জায়গাটিকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। গত কিছুদিন তিনি টানা কয়েকটি নাটকের শুটিংয়ের শিডিউল দিয়েছেন। এরমধ্যে গতকাল থেকে তিনি কাজ শুরু করেছেন মিফতা আনান পরিচালিত একটি নাটকে। এখানে মাহি কাজ করেছেন মুশফিক আর ফারহানের বিপরীতে। সেখান থেকে মাহি জানান, এ নাটকের শুটিং হচ্ছে আউডডোর ও ইনডোর মিলিয়ে। বেশ সুন্দর একটি গল্প। তার আগে তিনি কাজ শেষ করেছেন সকাল আহমেদের ‘বসগিরি’ নাটকে। এখানে তিনি কাজ করেছেন নিলয় আলমগীরের বিপরীতে। এর বাইরে কমপক্ষে আরও হাফডজন নাটকের কাজ শেষ করেছেন তিনি, যেগুলোর বেশির ভাগ নতুন বছরে প্রচারে আসবে। এদিকে মাহি আজ শুটিং শেষ করে কয়েকদিনের জন্য যাচ্ছেন নিজের গ্রামের বাড়ি সিলেট। সেখানে থেকে দেশের বাইরে যাবেন। সেখানেই নতুন বছরের শুরুটা উদ্‌যাপন করবেন। মাহি বলেন, বেশকিছু নাটকের কাজ শেষ করেছি। একেবারে ঠাণ্ডা লেগে গেছে। তারপরও টানা শুটিং করেছি। কারণ দেশের বাইরে যাচ্ছি। ফিরে ফের শুটিংয়ে ব্যস্ত হবো।