Home Uncategorized বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র: রাশিয়ার আশঙ্কা

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র: রাশিয়ার আশঙ্কা

44
মারিয়া জাখারোভা

খুলনাঞ্চল ডেস্ক।।

বাংলাদেশের ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মতো কঠোর চাপ প্রয়োগ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির মতে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ‘আরব বসন্ত’ এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত শুক্রবার দেয়া এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানান। ঢাকায় রাশিয়ার দূতাবাস গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিবৃতির উল্লেখযোগ্য অংশ প্রকাশ করেছে। এই বিবৃতির ব্যাপারে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রুশ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস মারিয়া জাখারোভার বিবৃতিকে উদ্ধৃত করে লিখেছে, গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশে সরকারবিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সাথে সঙ্ঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সাথে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করছি।

 

জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে আরব বসন্তের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।

জাখারোভার আরো বলেন, এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে পশ্চিমা শক্তিগুলোর জন্য ‘অসুবিধাজনক’ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আগামী সপ্তাহগুলোয় নিষেধাজ্ঞার মতো কঠোর চাপ প্রয়োগ করা হতে পারে। বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে। সেই সাথে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের ‘তথ্যপ্রমাণহীন’ অভিযোগ তুলে পদক্ষেপ নেয়া হতে পারে।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে যুক্তরাষ্ট্র বিরত হবে, এমন সম্ভাবনা কম বলে মন্তব্য করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিতভাবে মনে করি, বাইরের শক্তিগুলোর সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার বিষয়টির সুরাহা হবে দেশটির বন্ধুপ্রতিম জনগণের দ্বারা, অন্য কোনো শক্তির দ্বারা নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে তিউনিশিয়া, মিসর, লিবিয়ায়, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনে একের পর এক সরকারবিরোধী বিক্ষোভ, গণ-অভ্যুত্থান ও সশস্ত্র সঙ্ঘাত দেখা দেয়। এর ফলে কয়েকটি আরব দেশে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটে। সিরিয়া ও ইয়েমেনে অস্থিতিশীলতা দেখা দেয় এবং সরকারের সাথে সশস্ত্র সঙ্ঘাত শুরু হয়, যার ধারাবাহিকতা আজো চলছে। এই ঘটনাপ্রবাহ ‘আবর বসন্ত’ নামে পরিচিতি।

আরব বসন্তের ঝুঁকি নাকচ : পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বাংলাদেশে আরব বসন্তের সম্ভাবনা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য নাকচ করে দিয়েছেন।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ’৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে বাংলাদেশ ইস্যুতে রুশ মুখপাত্রের বিবৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. মোমেন সাংবাদিকদের বলেন, আমার মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে। আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা খুব ভালোভাবে চলছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়। এটা ওদের জিজ্ঞাসা করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে। আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। কে কী বলল, না বলল, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না। আমাদের ভারসাম্যপূর্ণ কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।
গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমরা উন্নয়নের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, অন্য কিছু দরকার নাই। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়।

একই অনুষ্ঠানে উপস্থিত ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের আগে যারা বাংলাদেশকে ভয় দেখানোর চেষ্টা করছে, তারা ভুলে যাচ্ছে, বাংলাদেশ এখন কোনো কিছুকে ভয় পায় না।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কোনো খবর আপনার কাছে আছে কি না?

জবাবে মিলার বলেন, নিষেধাজ্ঞা দেয়ার আগে তা নিয়ে আগে থেকে কথা না বলা আমাদের দীর্ঘ দিনের চর্চা।
এর আগে গত ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হস্তক্ষেপ সম্পর্কে রাশিয়ার অভিযোগকে ‘ক্লাসিক প্রোপাগান্ডা’ হিসাবে আখ্যায়িত করে বলেছেন, রাশিয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। রাশিয়াও জানে এটা মিথ্যা। এটা হলো রাশিয়ার ক্লাসিক প্রোপাগান্ডা।

ওয়াশিংটনে হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সম্প্রতি অভিযুক্ত করেছে মস্কো। রাষ্ট্রদূত হাস বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সাথে যোগাযোগ রাখছেন। আর এ জন্য ক্ষমতাসীনদের পক্ষ থেকে তিনি সহিংস হুমকিও পাচ্ছেন। বাংলাদেশে নিজের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি?

জবাবে কিরবি আরো বলেন, বাংলাদেশের মানুষ যা চায়, আমরাও তাই চাই। আর তা হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। রাষ্ট্রদূত এবং তার টিম মিলে বাংলাদেশের সমাজের সব সেক্টরের সাথে অব্যাহতভাবে সেই কাজটিই করছেন। এর মধ্যে রয়েছে নাগরিক সমাজ, বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ। পাশাপাশি তারা সরকারের সাথেও বৈঠক করছেন। তারা বাংলাদেশী জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছেন। আমরাও তাই করছি।

একই দিন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটক্সি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে ‘বেআইনি’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আমরা এ ধরনের যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরোধী। আমরা বাংলাদেশে নিষেধাজ্ঞা বা অনুরূপ পদক্ষেপের বিরুদ্ধে থাকব। দেখা যাক কী হয়। তিনি বলেন, রাশিয়া পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। আমরা শুধুমাত্র জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের দেয়া নিষেধাজ্ঞা স্বীকার করি। পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত সমস্যা দেখা দিলে বাংলাদেশকে কী ধরনের সহায়তা দেয়া যায়, সে বিষয়ে আলোচনা হবে।