স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগের দশ জেলার ৩৬টি আসনের অধিকাংশতেই নির্বাচন নিয়ে এখনও তৈরি হয়নি উৎসবমুখর পরিবেশ। বড় কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী না দেওয়ায় অধিকাংশ আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না নির্বাচন। মূলত বেশিরভাগ আসনেই আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে ঘিরেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১টি রাজনৈতিক দলের ১৫৪ প্রার্থীর মধ্যে ভোটে জেতার মতো প্রার্থী নেই বলে মনে করছেন ভোটাররা।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৩৬টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২২৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়। এসব আসনের মধ্যে কুষ্টিয়া-২ আসনে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। বাকি ৩৫টি আসনেই রয়েছে আওয়ামী লীগের প্রার্থী। তবে ঋণ খেলাপির কারণে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ আসনে আওয়ামী লীগের ১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
সূত্রটি জানায়, এবারের নির্বাচনে খুলনা বিভাগের আসনগুলোতে প্রার্থী দিয়েছে মোট ২২টি দল। জাতীয় পার্টি ৩১টি আসনে, জাকের পার্টি ২৬টি আসনে, তৃণমূল বিএনপি ২০টি আসনে, এনপিপি ১৮টি আসনে, বাংলাদেশ কংগ্রেস ১৩টি আসনে প্রার্থী দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১০টি আসনে, ওয়ার্কার্স পার্টি ৭টি আসনে, জাসদ ৭টি আসনে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬টি আসনে, বিএনএফ ৩টি আসনে, ইসলামী ঐক্যজোট ৩টি আসনে প্রার্থী দিয়েছে।
জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সুপ্রীম পার্টি, গণফ্রন্ট, বিকল্পধারা বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১টি করে আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোট ৩৯ জন।
বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের সবগুলো আসনেই আওয়ামী লীগ মনোনীত ৩৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের ৩৯ জন নেতাকে ঘিরেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। ২১টি দলের বাকি ১৫৪ জন প্রার্থীর মধ্যে ভোটে জেতার মতো প্রার্থী নেই বললেই চলে।
তবে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র মূল প্রতিদ্বন্দ্বিতায় আসার সম্ভাবনা রয়েছে। ১৪ দলীয় জোট তাকে সমর্থন দিয়েছে। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী নেই। তবে এ আসনে ইনুর প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিন। স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সরানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিগত একাধিক নির্বাচনে জাসদ নেতা ইনু আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছেন। এ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকলে জাসদের ইনুকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
সাতক্ষীরা-১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ ও জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত। এ আসনে ১৪ দলীয় জোট ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ২ নেতাকে নির্বাচন থেকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সাতক্ষীরা-২ আসনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবুর সঙ্গে আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোশতাক আহমেদ রবি ও জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশুর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের সঙ্গে বিএনএম’র এইচ এম গোলাম রেজা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, কয়েকটি বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসার সুযোগ নিয়ে নাম সর্বস্ব বেশ কয়েকটি দল এবারের নির্বাচনে প্রার্থী দিয়েছে। এমন দলও প্রার্থী দিয়েছে যেগুলোর নাম খুলনার মানুষ আগে কখনও শোনেনি। এছাড়া যারা প্রার্থী হয়েছে তাদের অধিকাংশই খুলনায় অপরিচিত মুখ। এসব দল বা প্রার্থী জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারবে না। ভোটে জেতার মতো অবস্থা তাদের নেই।
সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল বলেন, বড় একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করায় কিছুটা ছন্দপতন ঘটেছে। যশোরের ৬টি আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেকেই অপরিচিত মুখ। সাধারণ মানুষ অনেক প্রার্থীকেই চেনে না।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস টিটো বলেন, আওয়ামী লীগের বাইরে অন্য দলগুলোর প্রার্থীদের অবস্থান ভালো নয়। তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো প্রার্থী নেই বললেই চলে। তারা আশাপ্রদ ফল আনতে পারবে বলে মনে হয় না। কারণ অন্য দলগুলো সেভাবে জনসম্পৃক্ত নয়।











































