Home জাতীয় হঠাৎ সক্রিয় হিযবুত তাহ্রীর: নতুন নেতা তৌহিদ ও ইমতিয়াজ রিমান্ডে

হঠাৎ সক্রিয় হিযবুত তাহ্রীর: নতুন নেতা তৌহিদ ও ইমতিয়াজ রিমান্ডে

41

ঢাকা অফিস
রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর। দীর্ঘদিন পর সম্প্রতি তারা রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনটি ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত পোস্টারিং করে আসছে। এ ছাড়া বছরে তারা একাধিক অনলাইন সম্মেলন করে বলেও তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে।

গোয়েন্দারা বলছেন, হিযবুত তাহ্রীর অন্য যে কোনো সময়ের চেয়ে এখন মাঠে-ময়দানে বেশি সক্রিয়। তারা নিয়মিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে অনুসারী বাড়িয়ে সংগঠনকে শক্তিশালী করছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) নাম করা সব বিশ্ববিদ্যালয়ে বেশি সক্রিয়। আগের চেয়ে তাদের সদস্য সংখ্যা বেড়েছে কয়েক গুণ। চার-পাঁচ বছর পর গত অক্টোবরে রাজধানীর খিলগাঁও, মিরপুর, পল্লবী ও চট্টগ্রামে জুমার নামাজের পর প্রকাশ্যে মিছিল করেছে তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছে। এ ছাড়া অনলাইনে সম্মেলন ও পোস্টারিং করার কারণেও বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।

বছরজুড়ে বিভিন্ন সময় সংগঠনটি তৎপরতা চালিয়েছে। এ সময় তাদের অনেক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তারও করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, প্রতি মাসেই তারা পোস্টারিং করে। চলতি মাসেই রাজধানীর সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় পোস্টারিং করেছে। এ ছাড়া বছরে দুই-তিনটি অনলাইন সম্মেলন করেছে সংগঠনটির কর্মীরা। গত সেপ্টেম্বরেও অনলাইনে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সেখানে প্রধান বক্তা ছিলেন তৌহিদুর রহমান। তার পর থেকে তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দারা। সর্বশেষ কক্সবাজারে পরিবারের সঙ্গে সময় কাটাতে গেলে গত ৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

সাত দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। পরে পুলিশ আরও রিমান্ডের আবেদন করে। আদালত ফের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। বর্তমানে তৌহিদ রিমান্ডে রয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সংগঠনের বিষয়ে তেমন কিছুই প্রকাশ করেননি তিনি। শুধু সংগঠনের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ইমতিয়াজ সেলিম ওরফে ইমাদুল আমিন সম্পর্কে তথ্য দেন। পরে সেই তথ্যের ভিত্তিতে তাঁকেও গ্রেপ্তার করেছে সিটিটিসি। গত ১২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনিও ছয় দিনের রিমান্ডে রয়েছেন।

ইমতিয়াজ দেশের একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার তদন্ত সূত্র বলছে, তৌহিদ সংগঠনে ব্যক্তিগত সক্রিয়তার বিষয়ে কথা বললেও সংগঠন সম্পর্কে তেমন কোনো তথ্য দেননি। তবে বর্তমানে ঢাবি ও বুয়েটে অধ্যয়নরত বেশ কিছু শিক্ষার্থী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজ পড়ে ঘরোয়া মিটিং ও কর্মসূচি বাস্তবায়ন করছেন। এ ছাড়া সুযোগ বুঝে মিছিল ও সমাবেশ করছেন। এ ছাড়া দেশের বাইরে থেকে তারা সরকারি কর্মকর্তাদের ই-মেইলে নিয়মিত দাওয়াতি পত্র পাঠান। তারা খেলাফত প্রতিষ্ঠায় এসব কর্মকর্তার সহায়তা চান।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইমতিয়াজের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। সেটা নিয়ে কাজ চলছে। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি একটিতে উপস্থাপক ও অন্যটিতে বক্তা ছিলেন। সে সময় তাঁর নামে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) দুটি মামলা করে। এ ছাড়া ২০২৩ সালেও দুটি সম্মেলন করেছেন তারা। সে ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। সংগঠনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক এক যুবক। ধরা পড়ার আশঙ্কায় দেশ ছেড়ে চলে গেছেন তিনি।

ঢাবির শিক্ষক মহিউদ্দিন অনেক দিন নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির। বর্তমানে কোথা থেকে নির্দেশনা আসছে, তা কয়েকজন ছাড়া কেউ জানেন না। গোয়েন্দারা জানান, তারা আরও কয়েকজনের নাম পেয়েছেন। তাদের গ্রেপ্তারের পর সংগঠনের নেতাদের সম্পর্কে জানা যেতে পারে।

সূত্র বলছে, বিভিন্ন দেশে সক্রিয় হিযবুত তাহ্রীর ২০০৫ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাবির কয়েকজন শিক্ষককে নিয়ে। ২০০৯ সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। তারা ফের সক্রিয় হয়ে ওঠে ২০১৫ সালে। ওই সময় তারা প্রকাশ্যে মিছিল-মিটিং করে। এর পর দীর্ঘদিন তারা গোপনে কার্যক্রম পরিচালনা করেছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি প্রধান) মো. আসাদুজ্জামান বলেন, হিযবুত তাহ্রীর তাদের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে গোপনে কাজ চালিয়ে আসছে। সিটিটিসির গোয়েন্দারা বিষয়টি মনিটর করছেন। ফলে শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করা গেছে। এ ছাড়া তারা প্রতি বছর অনলাইন সম্মেলন করে।

নির্বাচনকে কেন্দ্র করে তারা সক্রিয় হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তা নয়। গ্রেপ্তার দু’জন রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।