ক্রীড়া প্রতিবেদক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে উড়িয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ যুবারা। ম্যাচটিতে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে ১৯৫ রানের বড় জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। উত্তরসূরীদের এমন পারফরম্যান্সে গর্বিত তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরা।
সুদূর নিউজিল্যান্ড থেকে জুনিয়র টাইগারদের অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।’
এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক টাইগার দলপতি তামিম ইকবালও। তিনি বলেন, ‘অসাধারণ, ছেলেরা দারুণ করেছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া চ্যাম্পিয়ন।’
নিজের ফেসবুকে পেইজে টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!’
অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত দলপতি নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।’
এ তালিকায় আছেন টাইগার পেসার তাসকিন আহমেদও। তিনি বলেন, ‘আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।’











































