ঢাকা অফিস।।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে মহান বিজয় দিবসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন- ছবি: পিআইডি
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
বিকেল ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠানে কয়েক হাজার আমন্ত্রিত অতিথির মধ্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপকদের পরিবার এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক নেতারাও এ সংবর্ধনায় যোগ দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। তারা আহত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বায়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ত্রিশ লাখ শহিদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন রাষ্ট্র বাংলাদেশ।
১৯৭১ সালের এইদিনে পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করে। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়।










































