Home আঞ্চলিক কয়লা উঠলেও পশুর নদীতে এখনও ডুবে আছে জাহাজ!

কয়লা উঠলেও পশুর নদীতে এখনও ডুবে আছে জাহাজ!

37

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা উত্তোলন শেষ হলেও এখন পর্যন্ত উঠানো সম্ভব হয়নি জাহাজটি। ডুবে যাওয়ার পর ওই জাহাজ থেকে ৫শ মেট্টিক টন কয়লা ৬ডিসেম্বর উঠানো সম্ভব হয়েছে। কিন্তু জাহাজটিতে কয়লা ছিল ৮শ মেট্টিক টন। বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। এখন ডুবে যাওয়া কার্গোটি জাহাজটি উঠানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মালিকপক্ষ। তবে ডুবন্ত জাহাজটি উঠানোর প্রচেষ্টায় ঘটনাস্থলে রবিবার (১০ডিসেম্বর) বিকেলে দুইটি বাল্কহেট পাঠানো হয়েছে। ওই বাল্কহেট দিয়ে তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি পশুর নদী থেকে টেনে উঠানো হবে।

গত ১৭নভেম্বর পশুর নদীর চরকানা এলাকায় ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী নামের এ কার্গো জাহাজটি।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক মোঃ বশির হোসেন বলেন, গত ১৭নভেম্বর ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় তার জাহাজটি। এরপর ১৯নভেম্বর থেকে প্রথমে কয়লা উত্তোলনের কাজ শুরু করা হয়। টানা ১৭দিন পর ৫শ মেট্টিক টন কয়লা উঠানো গেছে।বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। ৫শ মেট্টিক টন কয়লা উঠাতে তাদের ১৬লাখ টাকা ব্যয় হয়েছে। এখন ডুবে যাওয়া জাহাজটি উঠাতে যশোরের নওয়াপাড়া থেকে দুইটি বাল্কহেট আনা হয়েছে। এই বোট দুইটি দিয়ে সোমবার (১১ডিসেম্বর) সকাল থেকে ডুবে যাওয়া জাহাজ উঠানোর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

পশুর নদীতে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার মোঃ বেলাল উদ্দিন বলেন, এই দূর্ঘটনা মোংলা বন্দরের পশুর চ্যানেলের বাহিরে। তাই জাহাজ চলাচলে ঝুঁকি নেই। তবে কয়লা নিয়ে ডুবে যাওয়ার সাথে সাথেই মালিকপক্ষকে ১৫দিনের মধ্যে কয়লা ও জাহাজ উঠাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যেহেতু ১৫দিনে তা সম্ভব হয়নি। তাই তারা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিন থেকে চার দিনের মধ্যে মালিকপক্ষ ডুবে যাওয়া কার্গো জাহাজ উঠিয়ে ফেলবেন।

এদিকে ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে যাওয়ায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ন সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এটি পানির সাথে মিশে যাওয়ায় জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হবে। এটা দায়িত্বের চরম অবহেলা হয়েছে। এটা দেখার কেউ না থাকার ফলে বারবার এই সমস্যাগুলো হচ্ছে। তিনি আরও বলেন, পশুর নদী সুন্দরবনের প্রাণ। এ ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের এক ধরণের আঘাত আসে।