শহিদুল ইসলাম দইচ যশোর।।
আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেয়েছেন যশোরের ৬ প্রার্থী। এছাড়া বাতিল হয়েছে দুই প্রার্থীর মনোনয়ন। আজ রোববার নির্বাচন কমিশনে প্রথম দিনের শুনানী শেষে এ তথ্য জানা গেছে। প্রার্থীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীতা ফিরে পাওয়া চার প্রার্থী হলেন, যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান, যশোর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, জাকের পার্টির মো. মহিদুল ইসলাম, বিএনএমের প্রার্থী শেখ নুরুজ্জামান ও যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম।
গত ৩ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এদিন ঋণখেলাপীর জামিনদার হওয়ায় অবৈধ ঘোষিত হয় যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামানের প্রার্থীতা। স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় সমস্যার কারণে যশোর-২ আসনের প্রার্থী এসএম হাবিবুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী মোহিত কুমার নাথের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। যশোর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলামকে হলফনামা ও আয়করের তথ্যে গরমিল থাকায় এবং যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে আয়করের ফরম-১০বি জমা না দেয়ায় অবৈধ ঘোষণা করে জেলা রিটানিং অফিসার। এছাড়া বিদ্যুত বিল খেলাপীর কারণে যশোর-৩ আসনে বিএনএমের প্রার্থী শেখ নুরুজ্জামানের প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়। যে কারণে তারা প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। আজ আপিল শুনানী শেষে এ ৬ প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান।
এদিকে অন্য নির্বাচনী আসনের ভোটারকে দিয়ে সমর্থনকারীর স্বাক্ষর করায় অবৈধ ঘোষিত হওয়ায়
যশোর-৫ আসনের জাকের পার্টির প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় সমস্যার কারণে বাতিল হওয়া যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলামের আবেদন বাতিল হয়েছে ইসির শুনানিতে।











































