বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মাহমুদ শেখ (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
এর আগেও গত জুলাই মাসে মাহমুদ শেখ একই কারণে আটক হয়েছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিন পান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ওই তরুণ একটি বাগানে কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। তখন পাশের বাড়ির এক তরুণ তা দেখে ছুটে আসেন এবং তাকে আটকাতে গেলে মাহমুদ দৌড়ে পালিয়ে যান। পরে আগুন নিভিয়ে কোরআন শরীফটি উদ্ধার করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, সন্ধ্যায় কাহালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক মাহমুদ আগেও একই কাজ করেছিলেন।










































