Home জাতীয় হাইকোর্টে হাতহারানো শিশু: ‘কোর্টে এসেছি, বিচার চাইতে’

হাইকোর্টে হাতহারানো শিশু: ‘কোর্টে এসেছি, বিচার চাইতে’

34

ঢাকা অফিস
ওয়ার্কশপের কাজ করতে গিয়ে তিন বছর আগে হাত হারায় শিশু নাঈম হাসান। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট হয়। সেই রিটের শুনানিতে মঙ্গলবার মায়ের সঙ্গে আদালতে আসে শিশুটি। এসময় আদালত জানতে চান, পড়াশোনা কর? শিশুটি বলে, পড়ালেখা করি। আদালত বলেন, কোথায় এসেছ, জান? তখন নাঈম বলে, কোর্টে এসেছি। আদালত বলে, কেন এসেছ? শিশুটি বলে বিচার চাইতে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এ সংক্রান্ত রুলের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

২০২০ সালে নাঈম চতুর্থ শ্রেণিতে পড়ত। সে সময় সংসারের চাপ সামলাতে নাঈমকে কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপে কাজ করতে হয়। সেখানে কাজ করতে গিয়েই তার ডান হাতটি মেশিনে ঢুকে যায়। শেষে অস্ত্রোপচারের মাধ্যমে কনুই থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় ডান হাতটি।

এ নিয়ে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ২০২০ সালের ডিসেম্বরে শিশুর বাবা হাইকোর্ট রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৭ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে শিশুটিকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। একইসঙ্গে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বরের ওই ঘটনা নিজ কার্যালয়ের একজন কর্মকর্তা দিয়ে অনুসন্ধান করতে কিশোরগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। আগের ধারাবাহিকতায় গতকাল রুলের ওপর শুনানি হয়।