ঢাকা অফিস
সম্প্রতি সময়ে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি কী ভুলে গেছেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছেন। আমাদের বিরুদ্ধে ২৫ হাজার ভুয়া মামলা দায়ের করেছিল তারা। যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না, সেগুলো আপনারা কী ভুলে গেছেন।
তিনি বলেন, ২৩ জুলাই থেকে গতকাল তারিখ পর্যন্ত দৈনিক গড় গ্রেপ্তার হলো ১ হাজার ৯৫৬ জন। আর প্রতিদিন প্রায় সমানসংখ্যকই জামিন পাচ্ছেন। আমি মনে করি, যারা অপরাধ করেছেন, তারাই গ্রেপ্তার হয়েছেন। বিনা অপরাধে বিনা পরোয়ানায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আপনি সেই প্রমাণ অবশ্যই দিতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আমেজ ও উৎসব শুরু হয়ে গেছে।
তিনি বলেন, কমিশন নির্বাচন ঘোষণা করেছেন। ইতোমধ্যে নিবন্ধিত বেশিরভাগ দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনের আমেজ, একটা উৎসব শুরু হয়ে গেছে। কাজেই এখানে কেউ নাশকতা করবে, এটা কেউ চায় না।
বিএনপির সমালোচনা করে আসাদুজ্জামান খান বলেন, যে দলটি নাশকতার কথা বলছে, এটা তাদের প্র্যাকটিস, তারা সুনিশ্চিত নির্বাচনে পরাজয় জেনেই ভিন্ন পন্থায় নির্বাচনকে প্রতিহত করার জন্য একটা অগণতান্ত্রিক উপায় শুরু করেছে।
তিনি বলেন, আমরা মনে করি, আমাদের নির্বাচনের বাইরে আর কোনো কিছু নেই। যার মাধ্যমে তারা (বিএনপি) ক্ষমতা বদলাতে পারে। ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচনে আসতে হবে। এটাই হলো সহজ পন্থা।
নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। বর্বরতা নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। সেজন্য নিরাপত্তা বাহিনী যথাযথ কাজটি করছে। এই নাশকতার কারণে বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না। নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।
চলমান রাজনৈতিক সহিংসতা কেন বন্ধ করা যাচ্ছে না- জানতে চাইলে মন্ত্রী বলেন, পুরোপুরি অবশ্যই বন্ধ হবে। এর আগে ৯০ দিন করে বন্ধ করেছে। এবারও তাদের নেতাদের বোধোদয় হবে এবং তারা বন্ধ করে দেবে।










































